শিক্ষকের বেত্রাঘাত ছাত্র হাসপাতালে
ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান (রা.) মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত মাদ্রাসাছাত্র তানবিরুল ইসলামকে (১২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।তানবিরুল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। মো. আলাউদ্দিন জানান, তানবিরুলকে তিনি গত রমজানে ওই মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করেন। গত মঙ্গলবার সকালে আগের পড়া বলতে না পারায় মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. এরশাদ ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে বেধড়ক পেটান তানবিরুলকে। এ অবস্থায় শিক্ষক তাঁকে কৌশলে মাদ্রাসায় আটকে রাখার চেষ্টা করলে সন্ধ্যায় তানবিরুল সহপাঠী বায়েজীদের কাছ থেকে ৪০ টাকা ধার নিয়ে বাড়িতে চলে আসে। আলাউদ্দিন আরও জানান, ছেলের অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার রাতে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।আহত তানবিরুল বলে, ‘গত কয়েক দিন আগে আমার আরেক সহপাঠীকে ওই হুজুর পিটিয়ে গুরুতর আহত করেন। কিন্তু হুজুরের ভয়ে সে পরিবারকে বিষয়টি জানায়নি।’ এ ব্যাপারে শিক্ষক হাফেজ মো. এরশাদ বলেন, পড়া না পারায় এবং দুষ্টুমির জন্য তানবিরুলকে সামান্য বেত্রাঘাত করা হয়েছে।