শিক্ষকের বেত্রাঘাত ছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাবিহা আক্তার (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্রীকে বেদম বেত্রাঘাত করেছেন এক শিক্ষক। উপজেলার হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সাবিহাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সাবিহার সহপাঠীরা জানায়, গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন গণিত ক্লাস নিতে আসেন। ক্লাসে তিনি সবাইকে অঙ্ক করতে দেন। অঙ্ক করা শেষে সাবিহা ওই শিক্ষককে খাতা দেখায়। কিন্তু অঙ্কের মধ্যে সমীকরণ (অঙ্কের সূত্র) না থাকায় তিনি সাবিহাকে বেত্রাঘাত করেন। আবার অঙ্ক করা শেষে সাবিহা খাতা দেখানোর জন্য ওই শিক্ষকের কাছে গেলে খাতাটি তাঁর শরীরে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক জয়নাল আবেদীন সাবিহার চুল ধরে টেনে বেঞ্চের মধ্যে মাথা চেপে ধরে পিঠসহ শরীরে বিভিন্ন স্থানে বেদম বেত্রাঘাত করতে থাকেন। একপর্যায়ে সাবিহা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সেখানেই ফেলে রেখে জয়নাল আবেদীন অন্য শিক্ষার্থীদের খাতা দেখতে থাকেন। এ সময় ভয়ে কোনো শিক্ষার্থী সাবিহার কাছে এগিয়ে যায়নি। জয়নাল আবেদীন ক্লাস থেকে বের হওয়ার পর সহপাঠী শান্তা আক্তার, নাহিদা আক্তার, ইমরান হোসেন ও রবিনসহ আরও অনেকে তাকে ক্লাস থেকে টিউবওয়েলের কাছে নিয়ে মাথায় পানি দিতে থাকে। পরে শিক্ষক লিয়াকত আলী ও সঞ্জিত কুমার এগিয়ে এসে তাকে শিক্ষকদের মিলনায়তনে নিয়ে যান। পরে সাবিহার সহপাঠীদের কাছে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে স্কুল থেকে নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্র জানায়, সাবিহার অবস্থা খুবই গুরুতর। গায়ে জ্বর নিয়ে সে ব্যথায় কাতরাচ্ছে। কাউকে দেখলে ভয়ে কথা বলছে না। সাবিহার খালা ফিরোজা আক্তার বলেন, সাবিহার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। সাবিহার বাবা নুরুল ইসলাম বলেন, শিক্ষকের বেত্রাঘাতে তাঁর মেয়ে অসুস্থ হওয়ার পরও স্কুলের পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। সাবিহাকে হাসপাতালে পাঠানোর পরিবর্তে স্কুলেই বিকেল চারটা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তিনি এর বিচার দাবি করেন। তিনি আরও বলেন, তাঁরা দরিদ্র মানুষ। কীভাবে সাবিহার চিকিৎসা করাবেন, তা নিয়ে চিন্তায় আছেন। এ ব্যাপারে শিক্ষক জয়নাল আবেদীন বলেন, সাবিহা শরীরে খাতা লাগিয়ে বেয়াদবি করার পাশাপাশি ক্লাসে ভুল অঙ্ক করার পর তাকে বেত্রাঘাত করা হয়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম মিয়া বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে শিক্ষক জয়নাল আবেদীনকে ধমকে দিয়েছি। আগামীকাল শনিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তুলা মিয়াকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।