লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের এক শিক্ষকের বেত্রাঘাতে মো. রাজু হোসেন নামের এক ছাত্র আহত হয়েছে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজু ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।বেত্রাঘাতের প্রতিবাদে এবং ওই শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হয়েছে। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা যোগ দেন। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে জানায়, গত মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর একই শ্রেণীর গালিব ও রাজীব নামের দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়। রাজু মীমাংসা করার চেষ্টা করে। কিন্তু ইংরেজির শিক্ষক কামাল হোসেন ওরফে আবদুর নুর রাজুকে ধরে বেদম বেত্রাঘাত করেন। এতে রাজুর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন বলেন, ছেলেটির গায়ে বেতের বেশ কয়েকটি আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষক আবদুর নুর বলেন, ‘এক ছাত্র অন্য ছাত্রকে মারধর করে। এ কারণে আমি রাজুকে সামান্য বেত্রাঘাত করেছি। এ ঘটনাকে কেন্দ্র করে এখন কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’