শিক্ষকের ভয়ে স্কুলে যাচ্ছে না দুই ছাত্রী
শিক্ষকের যৌননিপীড়নের শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেসরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী ভয়ে চার মাস ধরে স্কুলে যাচ্ছে না।ওই দুই ছাত্রীর অভিভাবকদ্বয় জানান, ত াঁদের দুজনের দুই মেয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে। গত ১০ এপ্রিল স্কুলের শিক্ষক আলাউদ্দিন স্কুল ছুটির পর তাদের একটি কক্ষে আটকে যৌননিপীড়ন চালায়। একপর্যায়ে তারা চিত্কার করলে আলাউদ্দিন তাদের ছেড়ে দেয়। পরে বাড়িতে ফিরে তারা বিষয়টি অভিভাবকদের জানায়।এ ব্যাপারে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি তদন্ত শেষে অভিযোগ সত্য বলে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৪ মে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক বরাবর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি পাঠান। অভিভাবকদ্বয় আরও জানান, মেয়ে দুটি ঘটনার পরও স্কুলে গিয়েছিল, কিন্তু ওই শিক্ষককে দেখে ভয়ে এক শিশু ক্লাসের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের কোনোভাবেই স্কুলে পাঠানো যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ জানান, ওই শিক্ষককে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছেন। এখন মন্তব্যসহ তা মন্ত্রণালয়ে পাঠাবেন।