শিক্ষকের মারধরে শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের বেতন ও কোচিং ফি দিতে না পারায় গত সোমবার লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা ইউনিয়নের অরণ্য প্রাইভেট স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদিকুল ইসলামকে (১৪) মারধর করার অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের পরিচালক আনজুরুল হক সরকার ও সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে সাদিকুলকে মারধরের ওই অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে।

গুরুতর আহত সাদিকুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিকুল চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের দিনমজুর কছিম উল্লার ছেলে। ওই স্কুলের জুন মাসের কোচিং ফি ও বেতন বাবদ তার কাছে প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ টাকা পাওনা রয়েছে। তাগাদা দেওয়া সত্ত্বেও গত সোমবার পর্যন্ত ওই টাকা সাদিকুলের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এ কারণে সোমবার বিকেলে বিদ্যালয়ের পরিচালক আনজুরুল ও সহকারী শিক্ষক মনোয়ারুল তাকে (সাদিকুল) রড দিয়ে পিটিয়ে আহত করেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস বলেন, ছেলেটির দুই পায়ের হাঁটুর নিচে, বাঁ হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটির সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বেতন ও কোচিং ফি দিতে না পারার অজুহাতে সাদিকুলকে আনজুরুল ও মনোয়ারুল যেভাবে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন, তা নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এর উপযুক্ত বিচার তিনিও চান।

অভিযুক্ত আনজুরুল ও মনোয়ারুলের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁদের মতামত নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় সাদিকুলের চাচা আফসার আলী বাদী হয়েআনজুরুল ও মনোয়ারুলকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।