শিক্ষকের মারধরে শিশু শিক্ষার্থী হাসপাতালে
রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বেত্রাঘাতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সানাউল্লাহ (৮) আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সন্তোষপুর চারআনিপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে সানাউল্লাহ। প্রতিদিনের মতো ওই দিন বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক আবদুর রশিদ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের খাতায় নিজের নাম লিখতে বলেন। কিন্তু সানাউল্লাহ লিখতে গিয়ে দেখে কালি নেই। এতে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে বাঁশের কঞ্চি দিয়ে তাকে পেটান। কঞ্চির আঘাতে শিশুটির পিঠ ও বাঁ পা জখম হয় ও জ্বর আসে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা আবদুল মতিন জানান, মারধর করায় শিশুটির বাঁ পা খানিকটা জখম হয়ে ফুলে ব্যথায় জ্বর এসেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
শিশুটির বাবা মজনু মিয়া অভিযোগ করেন, ‘মারধরের কারণেই আমার শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমি ওই শিক্ষকের শাস্তি চাই।’
শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘সানাউল্লাহসহ পাঁচটি শিশু অন্য শিক্ষার্থীদের বই-খাতা চুরি করেছিল। এ কারণে সবাইকে একটু মেরেছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আখতার বলেন, তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।