শিক্ষকের মুক্তির দাবিতে যশোরে সড়ক অবরোধ
যশোর সদর উপজেলার এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নাজিম উদ্দীনের মুক্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখে। অর্থ আত্মসাতের একটি মামলায় পুলিশ গত সোমবার রাতে নাজিম উদ্দীনসহ দুজনকে গ্রেপ্তার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাজুরা বাজারের ব্যবসায়ী আসলাম হোসেন ১০ জুলাই ব্যবসায়িক লেনদেনের টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের চারজন শিক্ষকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত সোমবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নাজিম উদ্দীন ও সহকারী শিক্ষক আবদুল হাইকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হক লস্কর ও সহকারী শিক্ষক জাকির হোসেন বিক্ষোভকারীদের বুঝিয়ে আন্দোলন থেকে ফিরিয়ে আনেন। এদিন সহকারী মৌলভি শিক্ষক জামিনে মুক্তি পেলেও প্রধান শিক্ষক জামিন পাননি।প্রধান শিক্ষকেরে মুক্তির দাবিতে গতকাল সকালে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবহন আটকা পড়ে। শিক্ষার্থীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে স্থানীয় সাংসদ খালেদুর রহমান সেখানে উপস্থিত হন। দুপুর একটার দিকে প্রধান শিক্ষক আদালত থেকে জামিনে মুক্তি পেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, একটি মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করার প্রতিবাদে শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করে। পরে আদালত শিক্ষককে জামিনে মুক্তি দিলে অররোধ তুলে নেওয়া হয়।