শিক্ষকের মৃত্যুর ঘটনায় কার্যক্রম থেকে বিরত থাকবেন সাবেক স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সব ধরনের বিভাগীয় কার্যক্রম থেকে তাঁর সাবেক স্বামী সহযোগী অধ্যাপক তানভীর আহমদ সাময়িকভাবে বিরত থাকবেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সভায় গতকাল বৃহস্পতিবার তাঁর এ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানভীর আহমদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সভায় বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দেন। গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ-সম্পর্কিত যেসব বিষয় উঠে এসেছে, তা তদন্ত করতে রেজিস্ট্রারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতেই আকতার জাহানের অকালমৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। তাঁর মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে আগামী রোববার শোক র্যা লি ও শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এ দিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস বন্ধ থাকবে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন বিভাগে কালো ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করা হবে। আকতার জাহানের নামে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ, বিভাগের সামনে তাঁর নামে ‘আকতার জাহান কর্নার’ স্থাপনেরও সিদ্ধান্ত হয়।
৯ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে আকতার জাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।