শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতার জাহান
আকতার জাহান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
সহযোগী অধ্যাপক আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান গতকাল শনিবার বিকেলে রাজশাহী নগরের মতিহার থানায় এ মামলা দায়ের করেন। তবে মামলায় সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) একরামুল হক বলেন, ‘তদন্তে যা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নিজের শোবার ঘর থেকে আকতার জাহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর কয়েক দিন আগে থেকে পরিবার ও সহকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। পুলিশ বলেছে, শিক্ষকের ঘর থেকে আত্মহত্যা-সম্পর্কিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের উপকমিশনার আিমর জাফর বলেন, চিরকুটটি
আকতার জাহানের লেখা বলে নিশ্চিত হওয়া গেছে।

উপকমিশনার আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে শিক্ষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক এনামুল হক বলেন, শিক্ষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাবে।

আকতার জাহান চিরকুটে সাবেক স্বামী তানভীর আহমদকে পরোক্ষভাবে অভিযুক্ত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তানভীর আহমদ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের (চিঠিতে বর্ণিত অভিযোগ) কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। উন্মাদ না হলে কেউ এ ধরনের কথা বলতে পারে না।’

গতকাল বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আকতার জাহানের মরদেহ ঢাকার মহাখালীর ডিওএইচএসে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করার কথা বলে জানিয়েছেন শিক্ষকের মামাতো ভাই মো. নাহিদ।