শিক্ষকের শাস্তি দাবি
জয়পুরহাটের কালাইয়ে ছাত্রীকে মারধর করায় শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবিতে মাদ্রাসা ঘেরাও করেছেন অভিভাবকেরা। অভিভাবকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। কালাই উপজেলার বেগুনগ্রাম চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসাশিক্ষকের নাম আবদুল মজিদ।
লিখিত অভিযোগে অভিভাবকেরা বলেন, ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে আবদুল মজিদ তাঁর মুঠোফোনে ধারণকৃত অশ্লীল ভিডিওচিত্র দেখান এবং গ্রামের একটি মেয়ের মুঠোফোন নম্বর সংগ্রহ করে দিতে বলেন। ওই ছাত্রী মুঠোফোন নম্বর সংগ্রহ করে না দেওয়ায় পড়ালেখা না করার অজুহাতে মজিদ তাকে গত রোববার মারধর করেন। ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে গতকাল সকালে ক্ষুব্ধ অভিভাবকেরা মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে বহিষ্কারের দাবি জানান।
কালাই থানার পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১০টার দিকে তিন শতাধিক অভিভাবক মাদ্রাসা ঘেরাও করে মজিদের বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে কালাই থানার ওসি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অভিভাবকেরা ফিরে যান।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান জানান, ছাত্রীর বাবা শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কমিটির বৈঠকে আবদুল মজিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।