শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলনে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এক শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয় l ছবি: প্রথম আলো
যশোরের চৌগাছা উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এক শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয় l ছবি: প্রথম আলো

যশোরের চৌগাছা উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক ইসমাইল হোসেনের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। তারা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে।

উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল বেলা ১১টায় চৌগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। আধ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র, পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব, মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল কবীর। কর্মসূচিতে ঘটনার শিকার মেয়েটির সহপাঠীদের পাশাপাশি কয়েকজন অভিভাবকও অংশ নেন।

পরে চৌগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়েটির বাবা। তিনি বলেন, ‘গত ২৮ মার্চ শিক্ষক ইসমাইল বিদ্যালয় ছুটির পর আমার মেয়েকে জোরপূর্বক শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ২৯ মার্চ চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তা ছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় স্কুল পরিচালনা কমিটি ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে। কিন্তু বিচার না করেই হঠাৎ ওই শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে পুনর্বহাল করেছেন পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সভাপতি আমিনুর রহমানের মুঠোফোনে ফোন দিলে একজন তা গ্রহণ করে নিজেকে আনোয়ার হোসেন নামে পরিচয় দেন। তিনি আমিনুরের ভাই পরিচয় দিয়ে বলেন, ‘আমিনুর ফোন রেখে বাইরে গেছেন। আপনি রাতে একবার কল দিয়ে দেখতে পারেন।’

পুলিশ অভিযোগ নিচ্ছে না

এদিকে মেয়েটির পরিবার বলছে, ঘটনার বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও তা নেওয়া হচ্ছে না। পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা করতে বলছেন। অথচ মেয়েটির বাড়ি চৌগাছায়। আবার স্কুলটির সব কার্যক্রম এ উপজেলাতেই পরিচালিত হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, বিদ্যালয়টি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। কিন্তু এর কার্যক্রম চলে চৌগাছা উপজেলায়। এ জন্য তাঁদের মহেশপুর থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মেয়েটির মা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছিলেন। এ আশ্বাসে মেয়েকে তাঁরা বিদ্যালয়ে পাঠানো শুরু করেন। এমতাবস্থায় অভিযুক্ত শিক্ষককে স্কুলে পুনর্বহাল করেছে পরিচালনা কমিটি। আবার পুলিশসহ প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না। ফলে সামনে কী ঘটবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।