শিক্ষকের শূন্যপদ পূরণ ও প্রাইভেট পড়ানোর প্রবণতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গনের পরিবেশ আরও সুন্দর ও উন্নত করতে হলে অবশ্যই শিক্ষকের শূন্যপদ পূরণ, শ্রেণীকক্ষের সমস্যার সমাধান এবং ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষমুখী করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক দল ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সম্মিলিত মতামতের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।গতকাল বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শিক্ষাদান ও গ্রহণ প্রক্রিয়া এবং শিক্ষাঙ্গনের সামগ্রিক পরিবেশ আরও সুন্দর ও উন্নত করার লক্ষ্যে এ সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাবেক অধ্যক্ষ ননী গোলাপ রায়, অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক সাংসদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি গজনফর আলী চৌধুরী, সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী ও অভিভাবক শাহ আবদুল ওদুদসহ বিশিষ্ট ব্যক্তিরা সভায় বক্তব্য দেন।সভায় বক্তারা অভিযোগ করেন, কিছু কিছু শিক্ষক কলেজ চলাকালে প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত থাকেন। এই প্রবণতা বন্ধ করে শিক্ষকদের ক্লাসে মনোযোগ ও কলেজে সময় দিতে হবে।অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘শিক্ষকের পদ নেই। যা আছে তা-ও শূন্য। এত ছাত্রের চাপ সহ্য করার ক্ষমতা নেই কলেজের। এ কারণে ছাত্রদের ক্লাস ও পাঠবিমুখতা। প্রচুর শিক্ষক প্রয়োজন। শিক্ষক ছাড়া ক্লাস হবে না।’অভিভাবক শাহ আবদুল ওদুদ বলেন, ‘আমার মেয়ে ছয়জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। কলেজের ক্লাসে সাড়ে চার শ ছাত্রছাত্রীর হইচইয়ের মধ্যে সে কিছু শুনতে পায় না। এ অবস্থায় আমার মেয়ে পিছিয়ে পড়বে। আমি বাধ্য হয়ে তাকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পাঠাই।’ সাবেক অধ্যক্ষ ননী গোলাপ রায় বলেন, ‘একজন ভালো শিক্ষক হওয়ার চেয়ে মহৎ লক্ষ্য আর কিছু হতে পারে না। প্রাইভেট পড়ানো হয়তো বন্ধ করা যাবে না। তবে কলেজের সময় পড়ানো ঠিক নয়।’