শিক্ষকের সংকটে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে কলেজটিতে ভর্তি হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীর একদিকে যেমন মেধার বিকাশ ঘটছে না; তেমনি শিক্ষার মানও ঠিকমতো বজায় থাকছে না।কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজটি জাতীয়করণ হয় ১৯৮৮ সালে। পরের পাঁচ-সাত বছর শিক্ষকসংকট না থাকলেও ক্রমেই তা প্রকট হয়ে ওঠে। বর্তমানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ১৯টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১০ জন। শিক্ষকের ১৭টি পদের মধ্যে ১০টিই খালি। ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষক নেই।এ ছাড়া বাংলার দুটি পদের মধ্যে একটি, অর্থনীতির দুটি পদের মধ্যে একটি, রাষ্ট্রবিজ্ঞানের দুটি পদের মধ্যে একটি ও হিসাববিজ্ঞানের দুটি পদের মধ্যে একটি পদও অনেক দিন ধরে খালি।অন্যদিকে কলেজের উচ্চমাধ্যমিক শাখার প্রতিটি বিষয়ে দুজন করে শিক্ষকের পদ থাকার কথা থাকলেও আছে মাত্র একটি করে; একইভাবে স্নাতক শাখায় চারজন করে শিক্ষকের পদ থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন করে। আবার উচ্চমাধ্যমিক ও স্নাতক শাখায় ইংরেজি বাধ্যতামূলক হলেও শিক্ষকের পদ রয়েছে মাত্র একটি।সূত্র জানায়, কলেজটিতে শুধু শিক্ষকসংকটই নয়, রয়েছে অবকাঠামো সমস্যাও। একাডেমিক ভবনের স্বল্পতার কারণে শ্রেণীকক্ষগুলোতে গাদাগাদি করে পাঠদান করাতে হয়। এ ছাড়া গ্রন্থাগারিকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশ কিছু কর্মচারীর পদ খালি থাকায় দাপ্তরিক কাজকর্মেও বিঘ্ন ঘটে।একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘সরকারি কলেজে ভালো লেখাপড়া হবে আশা করে ভর্তি হয়েছি। কিন্তু এখন দেখি এখানে পড়ানোর শিক্ষকই নেই। শিক্ষক না থাকায় প্রায়ই কলেজে এসে দু-এক বিষয়ের ক্লাস শেষে বাড়ি ফিরতে হয়।’ জানতে চাইলে শিক্ষক, অবকাঠামো ও কর্মচারীর সংকটের কথা স্বীকার করেন অধ্যক্ষ মকবুল আহমঞ্চদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে স্বাভাবিক শ্রেণীকার্য চালানোই দুরূহ হয়ে পড়েছে। প্রতি মাসেই শিক্ষকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দারস্থ হয়ে আসছি। কিন্তু সেখান থেকে শুধুই আশ্বাস। বাস্তবে কোনো ফল পাই না।’