রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে কর্মকর্তা রোকনুজ্জামানের শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা একটার দিকে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম। বক্তব্য দেন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, শিক্ষার্থী সাব্বির হোসেন প্রমুখ। তাবিউর রহমান প্রধান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মধ্য দিয়ে কর্মকর্তা রোকনুজ্জামান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন।
যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেছেন ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা রোকনুজ্জামান। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই কর্মকর্তাকে এবারের ভর্তি পরীক্ষার সব কর্মকাণ্ড থেকে বাদ দিয়েছে প্রশাসন। তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপও নেওয়া হবে।
১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ওই শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেন কর্মকর্তা রোকনুজ্জামান। রোকনুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।