যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভূগোল বিভাগের প্রধান ও বাংলাদেশ বিসিএস শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি ছোলজার রহমানের সম্মানহানির প্রতিবাদে গতকাল রোববার কলেজের শিক্ষকেরা ক্যাম্পাসে কর্মবিরতির ডাক দেন ও মানববন্ধন করেন।
বেলা ১১টার দিকে শিক্ষকেরা মানববন্ধন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধ্যক্ষ মো. শফিউল সর্দার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ আই এম শরিফ হোসেন প্রমুখ।
গত শনিবার সকালে কলেজে যাওয়ার পথে আসাদ গেট এলাকায় মুখ বাঁধা অবস্থায় কয়েকজন বালতিতে গোবর ও কাদাজাতীয় দ্রব্য গুলিয়ে ছোলজার রহমানের গায়ে ছুড়ে মারে। ওই দিন সন্ধ্যায় শিক্ষকেরা বৈঠক করে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা ওই শিক্ষককে অপমান করেছে, ,তা জানা যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।