শিক্ষকের সাতটি পদ, কর্মরত তিন পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীর সংখ্যা ৭১০। শিক্ষকের সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন প্রধান শিক্ষকসহ তিনজন। এতে পাঠদানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় পরিচালনা পর্ষদ তিনজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। শ্রেণীকক্ষ ও বেঞ্চের সংকটও প্রকট। অনেক সময় মাদুর বিছিয়ে পাঠদান করা হয়।করুণ এই অবস্থা চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে।বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে সাতজন শিক্ষকই ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে গত ১ জুলাই এক বছরের জন্য প্রশিক্ষণে পাঠানো হয়েছে। ২০১০ সালে প্রশিক্ষণে পাঠানো একজন নারী শিক্ষকের ১ জুলাই বিদ্যালয়ে যোগদানের কথা ছিল। কিন্তু তিনি ব্যক্তিগত সমস্যা দেখিয়ে উপজেলার আরেকটি বিদ্যালয়ে যোগদান করেন। কিছুদিন আগে এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনকেও অন্যত্র বদলি করা হয়।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাহ আলম, মো. নাইমসহ কয়েকজন জানায়, শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয় না। পর্যাপ্তসংখ্যক বেঞ্চ না থাকায় অনেক সময় মাদুর বিছিয়ে ক্লাস করতে হয়।প্রধান শিক্ষক পরিমল কুমার সিকদার জানান, একটি বিদ্যালয় থেকে একসঙ্গে দুজন শিক্ষককে প্রশিক্ষণে পাঠানোর নিয়ম না থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। পাঠদান কোনো রকম চালিয়ে নিতে বাধ্য হয়ে তিনজন খণ্ডকালীন শিক্ষক নেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে বেঞ্চের প্রয়োজন ২০০টি। কিন্তু আছে মাত্র ৮০টি। এ কারণে অনেক সময় মাদুর বিছিয়ে পাঠদান করতে হয়।দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামীম মোল্লা বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকসংকটের বিষয়টি নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে বিদ্যালয়ে না রাখার নির্দেশ দিয়েছে। এ কারণে বিদ্যালয় থেকে দুজন শিক্ষককে একযোগে পিটিআই প্রশিক্ষণে পাঠানো হয়েছে। আসবাবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শিবপদ দে জানান, এত দিন আন্ত-উপজেলা ও উপজেলা বদলির দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এতে তাঁরা নিজেদের ইচ্ছা ও সুবিধামতো উপজেলার এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে শিক্ষকদের বদলি করতেন। আগস্ট মাস থেকে ডিপিইওর অনুমোদন ছাড়া এ ধরনের বদলি না করার সরকারি নির্দেশনা জারি হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী, আগামী জানুয়ারির আগে বিদ্যালয়টিতে নতুন শিক্ষক দেওয়া সম্ভব হবে না।