বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা এই বিভাগের শিক্ষক সাইফুল ইসলামকে স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে এ কর্মসূচি পালন করেন। এর আগে তাঁরা অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে ২৫ সেপ্টেম্বর পুনরায় একই দাবিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচি চলার সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে। উপাচার্য তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
১৫ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাইফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ওই দিন শিক্ষার্থীরা শিক্ষকের স্থায়ী চাকরিচ্যুতির জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেন। দুই দফায় প্রায় নয় ঘণ্টা শিক্ষককে তালাবদ্ধ করে রাখেন তাঁরা। তাঁদের অভিযোগ, পরীক্ষার খাতায় নম্বর-সংক্রান্ত জটিলতার কথা বলে ১৩ সেপ্টেম্বর অধ্যাপক সাইফুল এক ছাত্রীকে নিজ বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।