শিক্ষকের স্থায়ী নিয়োগের দাবিতে ক্লাস বর্জন
খণ্ডকালীন সহকারী শিক্ষককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার দাবিতে মাগুরা সদর উপজেলার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন শুরু করেছে।ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিক্ষক-সংকটের কারণে ২০০৫ সালে গোলাম মোর্শেদ খান নামের স্থানীয় এক যুবককে বিদ্যালয়ে খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাণিজ্য বিভাগের দায়িত্বে ছিলেন। বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। বিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের সৃষ্ট বাণিজ্য বিভাগে একজন, সামাজিক বিজ্ঞানে দুজন, ইংরেজিতে একজন এবং সহকারী গ্রন্থাগারিক পদে একজনকে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে গোলাম মোর্শেদসহ মোট ২৫ জন অংশ নেন। ফল ভালো হওয়ায় সমাজবিজ্ঞানে বাহারুল ইসলাম ও মৌসুমী আক্তার, বাণিজ্যে অমল কুমার শিকদার, ইংরেজিতে মো. সাহেব আলী এবং সহকারী গ্রন্থাগারিক পদে কাজী নাজলিন নাহারকে নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, ‘গোলাম মোর্শেদকে নিয়োগ দেওয়ার পক্ষে আমিও ছিলাম।’গোলাম মোর্শেদ খান বলেন, ‘আমার কোনো অযোগ্যতা হয়তো আমার স্থায়ী নিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া আমার কিছু বলার নেই।’বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্র বলে, ‘মিলন (গোলাম মোর্শেদ খানের ডাক নাম) স্যারকে নিয়োগ দিয়ে স্কুলে ফিরিয়ে আনা না হলে আমরা ক্লাস করব না।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকবর আলী গোলাম মোর্শেদকে নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।