শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম মাওলাকে তাঁর সহকর্মী মনিরুজ্জামান লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিন গোলাম মাওলা ওই শিক্ষকের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লাঞ্ছনাকারী জি এম মনিরুজ্জামান বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির ছায়াদউল্লাহ খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, ২০১২ সালের ১ জানুয়ারি মোহাম্মদ গোলাম মাওলা বাংলা বিভাগে যোগ দেন। তাঁর যোগদানের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান। নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মনিরুজ্জামান। সর্বশেষ গত শনিবার বিভাগের অন্য সহকর্মীদের কাছে গোলাম মাওলাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধরের হুমকি দেন ওই শিক্ষক। এ ব্যাপারে গত বুধবার গোলাম মাওলা উপাচার্যকে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় গোলাম মাওলা উপাচার্যের কার্যালয় থেকে বের হচ্ছিলেন। এ সময় তাঁকে মনিরুজ্জামান টেনেহিঁচড়ে সম্মেলনকক্ষের সামনের ২০৯ নম্বর কক্ষে নিয়ে লাঞ্ছিত করেন। অন্য শিক্ষকেরা গোলাম মাওলাকে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি উপাচার্যকে লিখিতভাবে জানান। জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয় থেকে বের হওয়ার পর আমাকে টেনে প্রশাসনিক ভবনের ২০৯ নম্বর কক্ষে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁর অশিক্ষকসুলভ আচরণে আমি বিস্মিত ও মর্মাহত। একজন সহকর্মী হয়ে তিনি গায়ে হাত তুলেছেন, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ অভিযোগের ব্যাপারে জি এম মনিরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য। আমি ওনাকে (গোলাম মাওলা) হাত ধরে একটি কক্ষে নিয়ে যাই। কিন্তু লাঞ্ছিত করিনি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।