শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত ছাত্রীদের ক্লাস বর্জন
ছাত্রীর অভিভাবককে লাঞ্ছিত করার অভিযোগে রাজশাহীর বাগমারার বীরকয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গত মঙ্গলবার বিদ্যালয়ের একজন শিক্ষক ও আরেক অফিস সহকারীকে লাঞ্ছিত করেছেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষক, অফিস সহকারী ও একজন এমএলএসএসকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্লাস বর্জন ও উপজেলা পরিষদে অবস্থান কর্মসূচি পালন করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার সকালে এক ছাত্রীর অভিভাবক আতাবুর রহমান বিদ্যালয়ে এসে অফিস সহকারী আবদুস সাত্তারের কাছে জানতে চান, তাঁর মেয়েকে কেন উপবৃত্তি দেওয়া হবে না। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে আবদুস সাত্তার, তাঁর স্ত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরুন্নাহার ও এমএলএসএস মনোয়ারা খাতুন ক্ষিপ্ত হয়ে আতাবুর রহমানকে মারপিট করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানার পর বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে প্রধান শিক্ষক পালটা অফিস সহকারী ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত করেন।পরে গত মঙ্গলবার আতাবুর রহমান তাঁকে লাঞ্ছিত করার বিচার চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে অভিযুক্ত তিনজনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।এই সিদ্ধান্তের প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রীরা গতকাল বুধবার ক্লাস বর্জন করে। দুপুরে বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রী সাত কিলোমিটার হেঁটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে যায়। এ সময় ইউএনও দপ্তরে না থাকায় তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে গিয়ে প্রধান শিক্ষকের বিচার ও তিনজনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। পরে তারা বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।অফিস সহকারী আবদুস সাত্তার বলেন, ‘আমরা অভিভাবক আতাবুরকে মারপিট করিনি। তিনিই আমার স্ত্রীকে পাদুকা দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন।’ সহকারী শিক্ষিকা নূরুন্নাহারও একই কথা বলেন। অভিভাবক আতাবুর রহমান বলেন, ‘তাঁরা তিনজন আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফাতুল্যাহ বলেন, ‘ছাত্রীর অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের লাঞ্ছিত করা হয়নি।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিনা খাতুন বলেন, ‘ছাত্রীদের ভুল বুঝিয়ে ক্লাস বর্জন করে ইউএনওর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি।’