ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) জনবল-কাঠামোতে শিক্ষকের ২১০টি পদ রয়েছে। কিন্তু বর্তমানে এখানে শিক্ষক আছেন ১২৮ জন। এর মধ্যে ৩৮ জন ছুটিতে আছেন। বিশ্ববিদ্যালয়ে ৪২ জন অধ্যাপক থাকার কথা থাকলেও আছেন ১৪ জন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে কোনো অধ্যাপক নেই। শিক্ষক-সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার কাজ ব্যাহত হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অন্তত ৪২ জন শিক্ষক দরকার। কিন্তু আছেন ২৪ জন। এর মধ্যে ১০ জন উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে গেছেন। এ বিভাগে ১০ জন অধ্যাপক থাকার কথা থাকলেও আছেন দুজন। পুরকৌশল বিভাগে ২৬ জন শিক্ষকের ১০ জনই ছুটিতে আছেন। কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, টেক্সটাইল কৌশল, পদার্থবিজ্ঞান ও মানবিক বিভাগে কোনো অধ্যাপক নেই। এ ছাড়া কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে ২০ জন শিক্ষকের মধ্যে ১০ জনই উচ্চশিক্ষার জন্য ছুটিতে আছেন। যন্ত্রকৌশল বিভাগে ১০ জন অধ্যাপক থাকার কথা থাকলেও আছেন দুজন। এ বিভাগে ২৫ জন শিক্ষকের মধ্যে নয়জন উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে গেছেন। টেক্সটাইল কৌশল ও মানবিক বিভাগে শিক্ষক-সংকটের পাশাপাশি এ দুটি বিভাগে কোনো বিভাগীয় প্রধান নেই। অন্য বিভাগ থেকে ধার করা শিক্ষক বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। একইভাবে গণিত, পদার্থ ও রসায়ন বিভাগেও শিক্ষক-সংকট রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অনেক শিক্ষক দেশে না ফেরায় এবং ভালো সুযোগ-সুবিধা পেয়ে অন্যত্র চাকরি নিয়ে চলে যাওয়ার কারণে শিক্ষক-সংকট সৃষ্টি হয়েছে। টেক্সটাইল কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র চৈতন্য সরকার এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ছাত্র নাসির উদ্দিন বলেন, শিক্ষক-সংকটের কারণে তাঁদের নিয়মিত ক্লাস হচ্ছে না।বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আলাউদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি গবেষণা করা দরকার। অধ্যাপকেরা সাধারণত এ কাজ করেন। কিন্তু এখানে ৪২ জন অধ্যাপক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৪ জন। এ ছাড়া অন্যান্য পদেও সংকটের কারণে কর্মরত শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। এতে গবেষণা ও পাঠদান ব্যাহত হচ্ছে।উপাচার্য এম সবদার আলী বলেন, উন্নত পাঠদানের লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের ছুটি দেওয়া হয়। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি। উপাচার্য জানান, তিনি যোগদানের পর বেশ কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকদের কক্ষের সংকট রয়েছে। এ সংকট দূর হলে আরও শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া উচ্চশিক্ষার জন্য ছুটিতে থাকা শিক্ষকেরা ফিরে এলে শিক্ষক-সংকট অনেকটা দূর হবে।