দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকের ছয়টি পদ শূন্য রয়েছে। এ কারণে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের পাঠদান করা হচ্ছে। এতে ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ করা হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৩টি পদের বিপরীতে মাত্র সাতজন শিক্ষক আছেন। এর মধ্যে জীব, রসায়ন, পদার্থ ও সামাজিক বিজ্ঞান এবং ইসলাম ধর্ম বিষয়ে দীর্ঘ আট বছর ধরে কোনো শিক্ষক নেই। প্রধান শিক্ষকের পদটি তিন বছর ধরে শূন্য। এখানে ৩৫৮ জন ছাত্রী লেখাপড়া করে।ইংরেজি শিক্ষক মোস্তফা কামাল বলেন,‘ইংরেজি ক্লাস নেওয়ার পাশাপাশি সামাজিক বিজ্ঞান বিষয়ে ক্লাস নিতে হয়। প্রয়োজনীয় শিক্ষক না থাকার কারণে আমরা যে কয়জন শিক্ষক আছি, তাঁদের অন্য বিষয়ও পড়াতে হচ্ছে।’বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রওশন আকতার প্রথম আলোকে বলেন, শিক্ষকের পদগুলো পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু ফল হয়নি।