শিক্ষকের ১৪ পদের ৮টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১৪টি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ৮টি পদ শূন্য রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষক-সংকটের কথা জানিয়ে ফল না পেয়ে তিনজন অতিথি শিক্ষক এনে শিক্ষার্থীদের পড়াশোনা চালানো হচ্ছে।
এর ফলে বিদ্যালয়টির চার শতাধিক ছাত্রীর পাঠদান ব্যাহত হচ্ছে। গত রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে শিক্ষকের শূন্য পদ পূরণের দাবিতে ছাত্রীরা মানববন্ধন করেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস বলেন, ‘শিক্ষক-সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও ফল পাচ্ছি না। বাধ্য হয়ে অদক্ষ ও প্রশিক্ষণ নেই এমন অতিথি শিক্ষকদের দিয়ে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের অফিস সহকারী না থাকায় দাপ্তরিক কাজ শিক্ষকদের করতে হচ্ছে।’
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬১ সালে ভান্ডারিয়া উপজেলা সদরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ করা হয়। সে সময় ১৪টি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে বিদ্যালয়টিতে এখন প্রধান শিক্ষক, ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও ভূগোল বিষয়ের শিক্ষক নেই। ইংরেজি বিষয়ে শিক্ষকের দুটি পদে শিক্ষক আছেন একজন। বাংলা বিষয়ের শিক্ষক মো. মনিরুজ্জামান গত ফেব্রুয়ারি থেকে প্রেষণে বরিশাল আবদুর রব সেরনিয়াবাদ শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রশিক্ষণে আছেন। অফিস সহকারীর একমাত্র পদটি ও এমএলএসএসের পাঁচটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে।
সহকারী শিক্ষক আকতার হোসেন বলেন, ২০০৮ সালে বিদ্যালয়ে ১০ জন শিক্ষক দেওয়া হয়। এরপর থেকে কখনো পাঁচজন কখনো ছয়জন শিক্ষক দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকটের কারণে ক্লাস ধারাবাহিকভাবে করা যাচ্ছে না। অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে।
নবম শ্রেণির ছাত্রী উদিতা হালদার বলে, শিক্ষক-সংকটের কারণে জীববিজ্ঞান ও রসায়নের মতো বিষয় অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে।
কয়েকজন শিক্ষক বলেন, চারু ও কারুকলা এবং ধর্মীয় শিক্ষক না থাকায় তাঁদের ওই বিষয়গুলোও পড়াতে হচ্ছে। প্রতিদিন একজন শিক্ষককে পাঁচ-ছয়টি ক্লাস নিতে হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাওয়ায় তাঁদের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে চলে গেছে। এখন শিক্ষক নিয়োগবিধি প্রণয়নের কাজ চলছে। নিয়োগবিধি চূড়ান্ত হলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তখন বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক দেওয়া হবে।