শিক্ষকের ২১ পদের ১৪টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া সরকারি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক ও প্রভাষকের ২১টি পদের মধ্যে ১৪টিই শূন্য। কর্মরত আছেন মাত্র সাতজন শিক্ষক। এ ছাড়া অর্থনীতি, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, গণিত বিষয়ের কোনো শিক্ষকই নেই। এতে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে।
আবুল কাসেম ও সফিকুর রহমান নামের দুই শিক্ষার্থী জানায়, তারা এ বছর উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তারা শিক্ষক-সংকটের কথা জানতে পারে। শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাস হয় না।
কলেজ সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ১২টি বিষয়ের জন্য তিনজন সহকারী অধ্যাপক, ১৮ জন প্রভাষকসহ মোট ২১ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে একটি সহকারী অধ্যাপক ও ১৩টি প্রভাষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে কলেজে দুজন সহকারী অধ্যাপক, পাঁচজন প্রভাষকসহ মাত্র সাতজন শিক্ষক কর্মরত আছেন।
অথচ কলেজটিতে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে প্রায় ৭০০ শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল কান্তি পাল বলেন, ‘গত কয়েক বছর ধরেই এখানে শিক্ষক-সংকট লেগে আছে। অন্য পদগুলোর কথা কী বলব। অধ্যক্ষই নেই গত তিন বছর। তবে শুনেছি অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আর শিক্ষকদের শূন্য পদগুলোও পূরণে সংশ্লিষ্ট অধিদপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কোনো সাড়া মেলেনি। বাধ্য হয়ে পাঠদান অব্যাহত রাখতে কিছুসংখ্যক অতিথি শিক্ষক নেওয়া হয়েছে।