শিক্ষকের ২১টি পদের মধ্যে ১৫টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। কলেজে শিক্ষকের ২১টি পদের ১৫টিই শূন্য। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতকপর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮০০ জন। কিন্তু শিক্ষক আছেন মাত্র ছয়জন। কলেজে শিক্ষকের ২১টি পদের ১৫টিই শূন্য। শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন, মো. নুরুল আলম ও সজল দেবনাথ বলেন, শিক্ষক সংকটের কারণে তাঁরা প্রয়োজনীয় ক্লাস করতে পারছেন না। এতে চূড়ান্ত পরীক্ষায় ফলাফল খারাপ হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
সূত্র জানায়, শিক্ষক সংকটের প্রভাব এরই মধ্যে কলেজের শিক্ষার্থীদের ফলাফলে পড়েছে। সম্প্রতি ঘোষিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে কলেজের মাত্র ৩৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, সিলেবাস শেষ করতে অনেক শিক্ষার্থী রামগড়ের বাইরে গিয়ে প্রাইভেট পড়ছেন। কিন্তু সবার পক্ষে রামগড়ের বাইরে গিয়ে প্রাইভেট পড়া সম্ভব হয় না।
কলেজের প্রাণী বিদ্যার শিক্ষক মংসাজাই মারমা বলেন, বাংলা, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, দর্শন ও ব্যবস্থাপনা বিষয়ের একজন শিক্ষকও নেই। এদিকে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে ৮ সেপ্টেম্বর কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন।
শিক্ষক সংকট প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন বলেন, শূন্য পদে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যাপারে সর্বশেষ ৪ সেপ্টেম্বর তিনি স্থানীয় সাংসদ বরাবরে চিঠি দিয়েছেন। এর আগে জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক, জেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে শিক্ষক সংকটসহ কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে।