ফেনীর সোনাগাজী সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকের ৪১টি পদের মধ্যে ২২টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে কলেজের ১ হাজার ২০০ শিক্ষার্থীর পাঠদানে সমস্যা হচ্ছে। শিক্ষক-সংকটের কারণে বেশির ভাগ বিভাগে নিয়মিত ক্লাস হয় না।
কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয়। এই কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস কোর্স) পর্যন্ত পড়ানো হয়।
কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিম উদ্দিন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী আছমা আক্তারের ভাষ্য, শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। শিক্ষক না থাকায় প্রায়ই কোনো না কোনো বিভাগের ক্লাস হয় না।
কলেজ সূত্র জানায়, ইংরেজি বিষয়ে শিক্ষকের তিনটি পদের মধ্যে একজনও নেই। অর্থনীতি, পদার্থবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস বিভাগের প্রতিটিতে তিনজন করে শিক্ষকের পদ থাকলেও রয়েছেন মাত্র একজন করে। রসায়ন, বাংলা ও সমাজকর্ম বিভাগে রয়েছেন দুজন করে শিক্ষক। অথচ প্রতিটি বিভাগে তিনজন করে থাকার কথা। ইতিহাস, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকের দুটি করে পদ থাকলেও কর্মরত আছেন একজন করে। এ ছাড়া কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। কলেজের গ্রন্থাগারিকের পদটিও শূন্য রয়েছে।
অন্যদিকে রসায়ন, পদার্থ ও উদ্ভিদবিদ্যায় প্রদর্শকের তিনটি পদের মধ্যে দুটিই খালি। কেবল উদ্ভিদবিদ্যায় প্রদর্শক রয়েছেন। প্রাণিবিদ্যা বিভাগে প্রদর্শকের কোনো পদই এই কলেজে নেই।
কলেজের কার্যালয় সহকারী পদে তিনজনের মধ্যে রয়েছেন একজন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের আটটি পদের মধ্যে কর্মরত আছেন চারজন।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক-সংকটের মধ্যেও কোনো শিক্ষক নিয়মিত কলেজে আসেন না। এ কারণে এই কলেজের পরীক্ষার ফলাফলও সন্তোষজনক নয়।
কলেজ সূত্র জানায়, ২০১৫ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৪৩৭ জন। পাস করেন মাত্র ১০৪ জন। পরের বছর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৬৪ জন। পাস করেন ১৮৯ জন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহীউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষকদের শূন্য পদগুলো পূরণ করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একাধিকবার চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। তাঁর দাবি, শিক্ষক-স্বল্পতার পরও শ্রেণি কার্যক্রমে তেমন অসুবিধা হচ্ছে না। খণ্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।