ফেনীর পরশুরাম সরকারি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। অধ্যক্ষসহ কলেজে শিক্ষকের ২৩টি পদ থাকলেও বর্তমানে দুজন সহকারী অধ্যাপকের পদসহ ১৪টি পদ শূন্য রয়েছে। গত দুই বছর থেকে কলেজে ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা ও রসায়ন বিষয়ে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।কলেজ সূত্র জানায়, ১৯৭২ সালে পরশুরাম উপজেলা সদরে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে কলেজটি সরকারি করা হয়।কলেজ সূত্র জানায়, অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কলেজটিতে শিক্ষকের পদের সংখ্যা মাত্র ২৩টি। এর মধ্যে তিনটি বিষয়ে সহকারী অধ্যাপকের পদও রয়েছে। বর্তমানে কলেজে উপাধ্যক্ষসহ মাত্র নয়জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ ও দুজন সহকারী অধ্যাপকের পদসহ ১৪টি পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে।সূত্র জানায়, কলেজে ইংরেজি ও রসায়নে মাত্র একটি করে শিক্ষকের পদ রয়েছে এবং বাংলা, ব্যবস্থাপনা ও ইসলামের ইতিহাস বিষয়ে রয়েছে দুটি করে পদ। তবে প্রায় দুই বছর এ পাঁচটি বিষয়ে শিক্ষকের পদগুলো শূন্য। গত কয়েক বছর থেকে অধ্যক্ষের পদও শূন্য রয়েছে। এ ছাড়া অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, সাধারণ ইতিহাস ও দর্শন বিষয়ে দুটি করে পদ থাকলেও প্রতিটি বিষয়ে বর্তমানে একটি করে প্রভাষকের পদ শূন্য রয়েছে।স্নাতক বাণিজ্য প্রথম বর্ষের শিক্ষার্থী মোমেনা ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘ইংরেজি, বাংলা, ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ পাঁচটি আবশ্যিক বিষয়ে যদি শিক্ষক না থাকে, তা হলে শিক্ষার্থীদের লেখাপড়ার কী হাল তা সহজেই বোঝা যায়।’কলেজ সূত্র জানায়, কলেজে বর্তমানে শিক্ষার্থী ৭৯৪ জন। গত এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ৩৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৭০ জন।সূত্র জানায়, শিক্ষকসংকটের কারণে বিভিন্ন বিষয়ে অস্থায়ী ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তা-ও প্রয়োজনের তুলনায় খুব সামান্য।কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকসংকট চলছে। মাত্র নয়জন শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা দুরূহ হয়ে পড়েছে। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।কলেজ সূত্র জানায়, শিক্ষকসংকট ছাড়াও কলেজের হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদ দুটি দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে হিসাবসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।