শিক্ষকসংকটের কারণে পিরোজপুর সরকারি মহিলা কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজের পাঁচটি বিষয়ে সম্মানসহ উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখায় ১ হাজার ৫০০ ছাত্রীর পাঠদানের জন্য আছেন মাত্র ১৭ জন শিক্ষক। সেই সঙ্গে রয়েছে শ্রেণিকক্ষ-সংকট।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। কলেজের মোট ২৭ জন শিক্ষকের পদের মধ্যে ১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে উদ্ভিদবিদ্যা বিভাগে কোনো শিক্ষক নেই। ইংরেজি বিভাগে তিনজন শিক্ষকের মধ্যে আছেন একজন। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ইসলাম শিক্ষা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে একজন করে শিক্ষকের পদ শূন্য আছে। এ ছাড়া সমাজকর্ম ও সংস্কৃতি বিভাগে কোনো শিক্ষক পদ নেই। অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করতে হচ্ছে।
কলেজের ছয়জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে উপাধ্যক্ষের কোনো পদ নেই। সেই সঙ্গে তিন মাস ধরে অধ্যক্ষের পদটি শূন্য থাকায় সহযোগী অধ্যাপক আবুয়াল কায়সার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ শেখ ফরিদ বলেন, ‘ইংরেজি বিভাগে আমি ছাড়া আর কোনো শিক্ষক না থাকায় প্রতিদিন পাঁচ থেকে ছয়টি ক্লাস নিতে হয়। একজন শিক্ষকের পক্ষে প্রতিদিন চার ঘণ্টা পাঠদান করা অসম্ভব।’
নাম প্রকাশ না করার শর্তে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, শিক্ষকসংকটের কারণে তাঁদের সপ্তাহে তিন দিন ক্লাস হচ্ছে।
সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, এক বছর ধরে তাঁদের অতিথি শিক্ষক পড়াচ্ছেন। এর আগে কোনো শিক্ষক ছিলেন না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, পাঠদানের জন্য ২৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন, কিন্তু আছে মাত্র ১৫টি। একতলাবিশিষ্ট একাডেমিক ভবনটি চারতলা করার জন্য বরাদ্দ পেলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে। কলেজের সমস্যা ও শিক্ষকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।