দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে শিক্ষকের ৫১ পদের মধ্যে ৩৩টিই শূন্য রয়েছে। এর মধ্যে গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে কোনো শিক্ষক নেই। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সরকারীকরণ হয় ১৯৮৯ সালে। কলেজে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৫৩ জন। উচ্চমাধ্যমিক পর্যায়ে ৯৩৩ জন ও স্নাতক পর্যায়ে ৭২০ জন। কলেজটিতে মিলনায়তন, ছাত্রী হোস্টেল ও শিক্ষক-কর্মচারীদের আবাসিকব্যবস্থা নেই। এখানে শিক্ষকের ৫১টি পদ আছে। এর মধ্যে ৩৩টিই শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ২৯ পদের মধ্যে ২৪টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।কলেজের উপাধ্যক্ষ মো. ফিরোজ মোল্লা জানান, শিক্ষক ও কর্মচারী-সংকটের কারণে পাঠদান ও দাপ্তরিক কাজ চালানো খুবই সমস্যা হচ্ছে। খণ্ডকালীন কিছু শিক্ষক দিয়ে ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতনের অতিরিক্ত টাকা কেটে খণ্ডকালীন শিক্ষকদের ভাতা দেওয়া হয়। প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলো লিখিতভাবে পাঠানো হয়। কিন্তু কোনো কাজ হয় না।উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আনিসুল হক ও জুয়েল রানা জানায়, কলেজে ব্যবহারিক ক্লাস একেবারেই হয় না। শিক্ষকের অভাবে অধিকাংশ দিনই ক্লাস হয় না। স্নাতক পর্যায়ের বাণিজ্য বিভাগের ছাত্র মো. রাকিব হাসান ও সোহেল রানা জানান, কলেজে ভর্তি হয়ে বেকায়দায় পড়েছি। মার্কেটিং ছাড়া অন্য বিষয়ে শিক্ষক নেই। বাধ্য হয়ে অন্য কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হচ্ছে।কলেজের অধ্যক্ষ মো. আবদুস সোবহান প্রামানিক প্রথম আলোকে জানান, শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, কিন্তু তাঁদের করার কিছুই নেই। প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাওয়া হয়। এখানে শিক্ষক এলেও সঙ্গে সঙ্গে বদলি নিয়ে চলে যান। দাপ্তরিক কাজ করারও জনবল নেই। অনেক সময় বাধ্য হয়ে পিয়ন দিয়ে হিসাবরক্ষক ও ক্যাশিয়ারের কাজ করানো হয়।