শিক্ষকের ৩৩টি পদের ২২টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে শিক্ষকের ৩৩টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন। বিজ্ঞান বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চান না। শিক্ষক নিয়োগের দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮৫ সালে সরকারীকরণ করা হয়। কলেজের অধ্যক্ষসহ শিক্ষকের পদ আছে ৩৩টি। এর মধ্যে ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ৭০০ শিক্ষার্থী রয়েছে। কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু শীল জানান, অর্থনীতি, ইসলামের ইতিহাস, ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিভাগে তিনজন করে শিক্ষকের পদ আছে, কিন্তু শিক্ষক আছেন মাত্র মাত্র একজন করে। হিসাববিজ্ঞান বিভাগে তিনজনের মধ্যে আছেন দুজন। ব্যবস্থাপনা বিভাগে তিনটি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান বিভাগে দুটি করে পদ থাকলেও কোনো শিক্ষক নেই। গণিত ও প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষকের দুটি পদের বিপরীতে একজন করে শিক্ষক আছেন। অধ্যক্ষ আরও জানান, ব্যবস্থাপনা বিভাগে দুই বছর ধরে শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে চলছে এ বিভাগের পাঠদান। কলেজের বেসরকারি তহবিল থেকে এ শিক্ষককে নামমাত্র সমঞ্চানী দেওয়া হয়। এ বছর বিজ্ঞান বিভাগে কয়েকজন শিক্ষার্থী ভর্তি হতে এসেও শিক্ষক না থাকায় ফিরে গেছে।ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয় না। নিয়মিত ক্লাস না হওয়ায় প্রতি বর্ষের পাঠ্যসূচিও শেষ করা সম্ভব হয় না। এ কারণে কলেজে এসে আমরা আড্ডা দিয়েই সময় কাটাই।’ ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এহছান হাওলাদার বলেন, ‘ভান্ডারিয়া কলেজে শিক্ষক নিয়োগ করার দাবিতে আমরা চলতি বছরের প্রথম দিকে দুবার মানববন্ধন করেছি। শিগগিরই এখানে শিক্ষক নিয়োগ দেওয়া না হলে আমরা বড় ধরনের আন্দোলন গড়ে তুলব।’ পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম বলেন, ভান্ডারিয়া সরকারি কলেজে শিক্ষক নিয়োগের জন্য তিনি মন্ত্রণালয়ে চাহিদাপত্র (ডিওলেটার) দিয়েছেন।