শিক্ষকের ৪০ পদের ২২টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজে শিক্ষকের ৪০ পদের মধ্যে ২২টিই শূন্য রয়েছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। কর্মচারী স্বল্পতাসহ অন্যান্য অবকাঠামোগত সমস্যায় শিক্ষার্থীরা পড়াশোনার উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না।১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সরকারীকরণ করা হয় ১৯৮৬ সালে। সরকারি বিধিতে কলেজটিতে শিক্ষকের ৫৪টি পদ থাকার কথা। কিন্তু পদ আছে ৪০টি। এর ২২টিই আবার শূন্য রয়েছে। গণিত বিষয়ের কোনো শিক্ষক নেই। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ২৮ পদের মধ্যে ১৫টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।কলেজ থেকে জানা যায়, সহকারী অধ্যাপকের আটটি ও প্রভাষকের ১৪টি পদসহ ইংরেজি একজন, অর্থনীতি দুজন, হিসাববিজ্ঞান দুজন, ইসলাম ইতিহাস দুজন, গণিত তিনজন, পদার্থবিদ্যা দুজন, দর্শন দুজন, প্রাণিবিদ্যা দুজন, রসায়নশাস্ত্র একজন, উদ্ভিদবিদ্যা দুজন, ব্যবস্থাপনায় একজন, বাংলা একজন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার ১০০ জন। কলেজটিতে মিলনায়তন, কলেজ হোস্টেল, শিক্ষক ও কর্মচারীদের কোনো আবাসিক ব্যবস্থা নেই। বিএ তৃতীয় বর্ষের ছাত্রী সিরাজুম মনিরা বলেন, ‘কলেজের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকায় হওয়ায় বিভাগীয় ও জেলা শহরের শিক্ষক এখানে এলেও তাঁরা দ্রুত বদলি হয়ে চলে যান।’ অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক জানান, শিক্ষক নিয়োগ হলেই সংকট দূর হয়ে যাবে। শিক্ষক নিয়োগের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।