শিক্ষকের ৪৫ পদের ৩০টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের প্রয়োজন ২৪টি, আছে ১৫টি। শিক্ষকের ৩০টি পদই শূন্য। এতে পাঠদানের কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। অবস্থা এতই শোচনীয় যে, এক মাসে কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর একটি ক্লাস হয়।করুণ এই অবস্থা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নেই। শ্রেণীকক্ষের সংকটের কারণে স্নাতক সম্মান শ্রেণীর প্রতিটি বিভাগের পাঠদানের জন্য একটি করে কক্ষ ব্যবহার করা হচ্ছে। এতেও সমস্যার সমাধান না হওয়ায় গ্রন্থাগারে ক্লাস নেওয়া হয়।কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে এর সরকারিকরণ হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষাদান করা হয়। মোট শিক্ষার্থী দুই হাজার ৯৬১ জন। ছাত্র দুই হাজার ৪৫৯ ও ছাত্রী ৫০২ জন। এখানে শিক্ষকদের ৪৫টি পদ আছে। কর্মরত আছেন ১৫ জন।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। কলেজ প্রতিষ্ঠার পর থেকে সহকারী গ্রন্থাগারিক ও রসায়ন প্রদর্শকের পদ খালি।কলেজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখানে একমাত্র একাডেমিক ভবনের দ্বিতীয় তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় দ্বিতীয় তলার শ্রেণীকক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এখন এ ভবনের ১৫টি কক্ষ ব্যবহারের উপযোগী। পাঠদানের জন্য আরও নয়টি শ্রেণীকক্ষ প্রয়োজন।রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র সেকেন্দার আলী, দর্শনের প্রথম বর্ষের ছাত্র নয়ন কুমার সরকার জানান, শিক্ষক স্বল্পতার কারণে অনেক ছাত্র অন্য কলেজে গিয়ে ক্লাস করে। কলেজের মাঠে খেলাধুলা হয় না।ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সুজন সরদার ও ছাত্রী দীপা রাণী কুণ্ডু জানান, ভর্তির পর এক মাসে তাঁদের একটি ক্লাস হয়েছে। স্যারদের ডেকে এনে ক্লাস করতে হয়।অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, শ্রেণীকক্ষের সংকটের কারণে শিক্ষার কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসনের সমস্যাও প্রকট। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকও নেই। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি।