শিক্ষক-সংকট ও বহিরাগতদের উৎপাতে বরগুনা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বরগুনা সরকারি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলেজের সাতটি বিষয়ে সম্মান এবং একটি বিষয়ে স্নাতকোত্তর ছাড়াও এইচএসসি ও স্নাতক পর্যায়ে শিক্ষকের ৪৬টি পদ থাকলেও সেখানে কর্মরত আছেন ২৬ জন। বাংলা ও প্রাণিবিদ্যা বিভাগ দীর্ঘদিন ধরে একজন শিক্ষক দিয়ে চলছে।ক্লাস চলাকালে কলেজ চত্বরে তাস খেলা ও মাদকের আড্ডা বসায় কলেজের সামগ্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। কলেজের ছাত্রীনিবাসে স্থান সংকুলানের অভাবে ছাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা—এ সাতটি বিষয়ে সম্মান শ্রেণী খোলা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সম্মান শ্রেণীর সব বিষয়ে কমপক্ষে তিনজন করে মোট ২১ জন শিক্ষক থাকার কথা। সেখানে আছেন মাত্র ছয়জন। বাকি ১৫টি পদ ২০০৯ সাল থেকে শূন্য। এর মধ্যে বাংলা বিভাগে তিনটি, ইংরেজি বিভাগে দুটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি, ইসলামের ইতিহাস বিভাগে তিনটি, দর্শনে একটি, ইতিহাস বিভাগে একটি, অর্থনীতিতে একটি, হিসাববিজ্ঞানে দুটি ও ব্যবস্থাপনায় দুটি পদ শূন্য। এ ছাড়া এইচএসসি পর্যায়ে রসায়নে একটি, গণিতে একটি, প্রাণিবিদ্যায় একটি, উদ্ভিদ বিজ্ঞানে একটি পদ শূন্য। এখানেও পাঁচটি বিভাগে ১০ জনের মধ্যে চারটি পদে শিক্ষক নেই।রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার ও ইংরেজি বিভাগের মাঈনুল জানান, শিক্ষক-সংকটের কারণে নিয়মিত ক্লাস না হওয়ায় তাঁদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলেও শিক্ষকের দেখা মেলে না।কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক না থাকায় বিভাগটি প্রায় অচল হয়ে আছে।ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক কলেজের গণিত বিভাগের শিক্ষক লিয়াকত হোসেন জানান, ৩৫ শয্যার এই ছাত্রীনিবাসে ১১৫ জন ছাত্রী অনেক কষ্টে বসবাস করছে। সব কক্ষে আট-নয়জন—এমনকি খাওয়ার কক্ষ ও বারান্দার মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছে।কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুছ বলেন, ‘কলেজে বর্তমানে শিক্ষক-সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা প্রতি মাসে সংশ্লিষ্ট বিভাগের কাছে শিক্ষক-সংকট দূর করার জন্য লিখিত আবেদন জানাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। তিনি আরও বলেন, ছাত্রীদের আবাসন-সংকট প্রকট। আর বখাটেদের উৎপাত বন্ধের জন্য প্রায়ই আমরা কলেজগেটে পুলিশ দিয়ে ছাত্রদের পরিচয়পত্র যাচাই করি। তার পরও কিছু বখাটে মাঝে মধ্যে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’