ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে শিক্ষকের ৫৩টি পদের মধ্যে ৩১টিই শূন্য। রসায়ন, পদার্থবিদ্যাসহ নয়টি বিষয়ে একজন শিক্ষকও নেই। এ ছাড়া কলেজে শ্রেণীকক্ষসংকটও রয়েছে।
কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শ্রেণী ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে অনার্স এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বর্তমানে কলেজে তিন হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও ১০০ আসনের মাত্র একটি হোস্টেল রয়েছে।
কলেজে রসায়ন, পদার্থবিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস, পরিসংখ্যান, গার্হস্থ্য অর্থনীতি, দর্শন ও কম্পিউটার বিষয়ে কোনো শিক্ষক নেই। কলেজের গ্রন্থাগারিকের পদটিও শূন্য। অন্য বিভাগের শিক্ষক কম্পিউটার বিষয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
তা ছাড়া বাংলা ও ইংরেজি বিভাগে চারটি করে শিক্ষকের পদ থাকলেও বর্তমানে মাত্র একজন করে প্রভাষক কর্মরত আছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপকসহ সাতটি পদের মধ্যে তিনটি, সমাজবিজ্ঞান বিভাগে দুটি ও ইতিহাস বিভাগে একটি পদ শূন্য রয়েছে। অর্থনীতি ও জীববিজ্ঞান বিভাগে দুটি করে শিক্ষকের পদ আছে, কিন্তু শিক্ষক আছেন একজন করে।
কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের বিষয়টি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। তা ছাড়া শ্রেণীকক্ষসংকট নিরসনে একটি পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রেণীকক্ষে জায়গা না পেয়ে বর্তমানে একাদশ শ্রেণীর অনেকশিক্ষার্থীকে বারান্দায় দাঁড়িয়ে ক্লাস করতে হয়।
অধ্যক্ষ বলেন, কলেজে ১০০ আসনের কমপক্ষে পাঁচটি হোস্টেল দরকার, কিন্তু আছে মাত্র একটি। হোস্টেলে আসনের জন্য বহু শিক্ষার্থী আবেদন করলেও বিবেচনার সুযোগ নেই। তিনি জানান, অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ানোর জন্য কয়েকজন খণ্ডকালীন অতিথি শিক্ষক নেওয়া হয়েছে।