বরিশালের সরকারি গৌরনদী কলেজে শিক্ষক-সংকটের কারণে পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে। শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশসহ আন্দোলনের নানা কর্মসূচি পালন করেও কোনো ফল পাননি।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে কলেজটি সরকারি করা হয়। একাদশ, দ্বাদশ, স্নাতক ও চারটি বিষয়ে অনার্সসহ কলেজে সাড়ে তিন হাজার শিক্ষার্থী রয়েছে। কলেজে শিক্ষকের পদ ৫৫টি। দীর্ঘদিন ধরে এখানে ১৮ জন শিক্ষক আছেন। অথচ এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এখানে ১০৫ জন শিক্ষক থাকার কথা। বাংলা, ব্যবস্থাপনা ও মৃত্তিকাবিজ্ঞান, কম্পিউটার, দর্শন এবং শরীরচর্চা বিভাগে কোনো শিক্ষক নেই।ইংরেজিতে চারজন শিক্ষকের স্থলে আছেন একজন। ইংরেজি বিভাগের শিক্ষক স্বরজ কুমার অধিকারী বলেন, ‘প্রতিদিন কমপক্ষে আটটি ক্লাস নিতে হয়। একার পক্ষে তা কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।’ গণিত বিভাগের প্রভাষক ননী গোপাল সরকার বলেন, ‘আমাকে প্রতিদিন অনেকগুলো ক্লাস নিতে হয়, যা খুবই কঠিন। যে কারণে অনেক সময় পাঠদান সম্ভব হয়ে ওঠে না।’ রাষ্ট্রবিজ্ঞানে তিনজন শিক্ষকের স্থলে একজন, অর্থনীতিতে তিনজনের স্থলে একজন, ইতিহাসে তিনজনের স্থলে একজন, ইসলামের ইতিহাসে তিনজনের স্থলে একজন, পদার্থবিজ্ঞানে তিনজনের স্থলে একজন, রসায়ন বিভাগে চারজনের স্থলে একজন ও উদ্ভিদবিজ্ঞানে চারজনের স্থলে দুইজন শিক্ষক আছেন। আর মৃত্তিকাবিজ্ঞান বিভাগে শিক্ষকের পাঁচটি পদই শূন্য।উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষক-সংকটে পাঠদানই শুধু ব্যাহত হচ্ছে না, জনবল-সংকটের কারণে এমএলএসএসকে দিয়ে গ্রন্থাগারিক ও করণিকের কাজ করানো হয়। লুৎফর রহমান, সুমন মোল্লা, খাইরুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজের শিক্ষক-সংকট দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। কিন্তু সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ হাওলাদার শিক্ষক-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের উদ্যোগের কোনো ঘাটতি নেই। বহুবার মন্ত্রণালয়ে ধরনা দিয়েছি, শিক্ষক-সংকটের বিষয়টি অবহিত করেছি; কিন্তু প্রতিকার পাইনি।’