শিক্ষকেরা অনুষ্ঠানে যাবেন তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক সড়কের পাশে বই-খাতা হাতে একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে দেখা হয়। বিদ্যালয়ের দিকে না গিয়ে তারা অনেকটা উচ্ছ্বাসের সঙ্গে উল্টো পথে হেঁটে যাচ্ছে।
বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, সকালে স্কুলে গেলে শিক্ষকেরা জানান, তাঁরা আজ উপজেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় তারা বাড়ি ফিরে যাচ্ছে।
শিক্ষার্থীদের এ কথার সূত্র ধরে এই প্রতিবেদক পাটগ্রামের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখেন।
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেনসহ তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তা দাবি করেন, প্রধান শিক্ষকেরা বছরে তিন দিন বিদ্যালয়ের ‘সংরক্ষিত’ ছুটি দিতে পারেন। প্রধান শিক্ষক দুর্যোগজনিত ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বা আশপাশের কেউ মারা গেলে এ ছুটি ঘোষণা করতে পারেন। এ ছাড়া সরকারি উচ্চপদস্থ কোনো ব্যক্তির রাষ্ট্রীয় সফর কর্মসূচি থাকলে ছুটি দিতে পারেন।
এ বিষয়ে জানতে দহগ্রাম আরাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, সংরক্ষিত ছুটি প্রধান শিক্ষকেরা দিতে পারেন। তাই উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার ব্যাংকান্দার রাবার ড্যাম প্রকল্প এলাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান হয়। এ জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে বলে একাধিক শিক্ষক জানান।
তবে শিক্ষার্থীদের পাঠদান না করে ‘সংরক্ষিত’ ছুটির নামে অধিকাংশ শিক্ষকের অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি অনেক অভিভাবকই মেনে নিতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ২০ সেপ্টেম্বর পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা হবে। অথচ শিক্ষকেরা শিক্ষার্থীদের পরীক্ষা ও লেখাপড়ার কথা মাথায় না রেখেই ‘সংরক্ষিত’ ছুটির নামে অনুষ্ঠানে যাচ্ছেন। ছুটির বিষয়টি অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা অজুহাত মাত্র।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের অনুরোধে বিদ্যালয় বন্ধ রেখেছেন। এ বিষয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া গতকাল বিদ্যালয়গুলোর ছুটির কথা নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ‘সংরক্ষিত’ ছুটির নামে বছরে যেকোনো তিন দিন ছুটি দিতে পারেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানোনো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।
লালমনিরহাট জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল ইমরান খন্দকার বলেন, ‘বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে ছুটি দেওয়ার এখতিয়ার আমার নেই। এটি জেলা শিক্ষা কর্মকর্তার বিষয়, তাই তাঁকে জানানোর কথা বলেছি।’