শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি তিন মাস স্থগিত করলেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে অনশনসহ আন্দোলনের সব কর্মসূচি তিন মাস স্থগিত করেছে এমপিওভুক্তির দাবিতে ঢাকায় আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।গতকাল শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে আলোচনা শেষে ঐক্যজোটের সভাপতি এশারত আলী কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে আন্দোলনকারী সাধারণ শিক্ষকদের অনেকেই এতে দ্বিমত প্রকাশ করেছেন। আলোচনা শেষে এশারত আলী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিক্ষামন্ত্রী সরকারের অর্থসংকটের চিত্র তুলে ধরে বলেছেন, এ সংকট কাটানোর জন্য তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। এ জন্য মন্ত্রী তিন মাস সময় চেয়েছেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষকেরাও কর্মসূচি স্থগিত করেছেন। তাঁদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছি।’ বৈঠকে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। পরে শিক্ষকনেতারা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষক-কর্মচারীদের কাছে গিয়ে আলোচনার বিষয়বস্তু ও কর্মসূচি স্থগিতের বিষয় জানান।