চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মোবাইল ট্র্যাকিংয়ের (সিম ব্যবহারকারী কোথায় রয়েছেন তা জানা যাবে) ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষকেরা আর ক্লাস ফাঁকি দিতে পারবেন না। উপজেলা শিক্ষা কার্যালয়ে বসে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হবে। যাঁরা বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের জহুরুল হক মিলনায়তনে গ্রামীণফোন ও উপজেলা প্রশাসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, গ্রামীণফোনের কর্মকর্তা মাহাবুবুর রহমান, মো. শাওন আজাদ।
জেলা প্রশাসক বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এ কার্যক্রম চালু করবে। ফটিকছড়ির ২২১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১০০ শিক্ষককে গ্রামীণফোনের সিম কার্ড দেওয়া হয়েছে।
চুক্তিপত্রে সই করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. নজরুল ইসলাম এবং গ্রামীণফোনের পক্ষে মো. শাওন আজাদ।