বগুড়া জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার পথ পেরিয়ে সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর বাজার। বাজার থেকে বাঁধ ধরে দক্ষিণ দিকে প্রায় দুই কিলোমিটার সামনে এগোতেই সরলিয়া গ্রাম। বাঁধ থেকে পূর্ব দিকে মেঠোপথ ধরে কিছুদূর যেতেই সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র।
সকাল ১০টা ১৫ মিনিটে সেখানে গিয়ে দেখা গেল, দোতলায় শিক্ষার্থীদের জটলা। এদের কেউ ফটকের তালা নাড়ছে, কেউ ‘স্যার’রা এলেন কি না, তা উঁকি মেরে দেখছে। কিন্তু তখনো বিদ্যালয় চত্বরে স্যারদের দেখা নেই। শিক্ষার্থীরা জানায়, শিক্ষকেরা না পৌঁছায় তালাবদ্ধ ভবনের ভেতরে ঢুকতে পারছে না তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইচ্ছেমতো বিদ্যালয়ে আসার এ চিত্র শুধু সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়; গতকাল শনিবার সকালে বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকার আশপাশে আরও কয়েকটি বিদ্যালয়ে গিয়ে একই চিত্র দেখা গেছে।
সরলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র লিমন জানায়, সকাল ১০টার ১০ মিনিট আগে বিদ্যালয়ে এসেছে সে। কিন্তু স্যাররা তখনো এসে পৌঁছাননি। ভবন তালাবদ্ধ থাকায় তারা শ্রেণীকক্ষে ঢুকতে পারছে না। একই কথা বলল দ্বিতীয় শ্রেণীর লিখন ও শ্রাবন্তী। খোঁজ নিয়ে জানা যায়, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বন্যা আশ্রয় কেন্দ্র ভবন নির্মাণ করা হয় ২০০৫ সালে। বর্তমানে চারজন শিক্ষক কর্মরত এখানে। এর মধ্যে নাসরিন সুলতানা নামের একজন উচ্চতর প্রশিক্ষণে রয়েছেন। সেখানে উপস্থিত শফিকুল ইসলাম নামের একজন বলেন, এ বিদ্যালয়ের শিক্ষকেরা ইচ্ছেমতো বিদ্যালয়ে আসেন। শিক্ষার্থীদের কাছ থেকে মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হয় সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, একজন আত্মীয় মারা যাওয়ার কারণে তাঁর বিদ্যালয়ে আসতে বিলম্ব হচ্ছে। অন্য শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। ১০টা ২০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন সহকারী শিক্ষক রাঙ্গা মিয়া। তিনি বলেন, সোনাতলা থেকে ট্রেনে আসতে একটু দেরি হয়ে গেল। সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যালয়ে পৌঁছেননি আরেক সহকারী শিক্ষক নুরজাহান বেগম। সাংবাদিক আসার খবর পেয়ে একটু পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী নিজে থেকেই যোগাযোগ করেন। তিনি মুঠোফোনে বলেন, বিদ্যালয়ে পড়ালেখা ঠিকমতো হয়; তবে আজ ব্যক্তিগত সমস্যায় পড়ে শিক্ষকেরা সময়মতো উপস্থিত হতে পারেননি। বাঁধের রাস্তা ধরে সামনে এগিয়ে সকাল পৌনে ১১টায় পাকুল্যা ইউনিয়নের মির্জাপুর রেজি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, চারজন শিক্ষকের মধ্যে তখনো প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে পৌঁছাননি। সহকারী শিক্ষক আজমত আলী বলেন, হেড স্যার মিটিং করতে পাকুল্যায় গেছেন। অবশ্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী বলেন, তিনি খেতে কাজ করতে গেছেন। একটু পরে খেত থেকে ফিরে প্রধান শিক্ষক বলেন, বাড়িতে একটু কাজ ছিল, তাই আসতে দেরি হচ্ছে।
প্রাথমিক শিক্ষা জেলা কার্যালয় থেকে জানা গেছে, যেসব বিদ্যালয়ে দুই পালা চলে, সেখানে সাড়ে নয়টায় ক্লাস শুরু হওয়ার কথা। আর যেসব বিদ্যালয়ে এক পালার ক্লাস, সেখানে সাড়ে নয়টায় কুচকাওয়াজ শুরু হওয়ার কথা। এর পরই শুরু হবে ক্লাস। সোনাতলা ইউএনও উত্তম কুমার মণ্ডল বলেন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ইচ্ছেমতো বিদ্যালয়ে উপস্থিত হওয়ার বিষয়টি জানা ছিল না। শিক্ষকদের যথাসময়ে উপস্থিত হওয়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।