সিরাজগঞ্জের সরকারি বিএল উচ্চবিদ্যালয় খোলা থাকলেও শিক্ষকেরা অনুপস্থিত থাকায় ক্লাস হচ্ছে না। সংশোধিত ক্লাস রুটিন অনুযায়ী ছাত্ররা প্রতিদিন নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এলেও ক্লাস না হওয়ায় তারা ফিরে যাচ্ছে। জেলা প্রশাসন এসএসসি পরীক্ষার দিন বাদে অন্য দিন ক্লাস নেওয়ার নির্দেশ দিলেও শিক্ষকেরা তা মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় সূত্র জানায়, ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। এর আগে ২৭ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষার দিন ছাড়া বাকি দিনগুলোতে জেলার সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়।শহরের ধানবান্ধি এলাকার আবুল কাসেম আজাদ নামের এক অভিভাবক অভিযোগ করেন, সংশোধিত রুটিন অনুযায়ী এখন পর্যন্ত এক দিনও ক্লাস হয়নি। অথচ অন্য সব বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে।এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত রুটিন দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকেরা না আসায় পাঠদান সম্ভব হচ্ছে না।প্রধান শিক্ষক বলেন, বিধান অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাকালে ক্লাস বন্ধ রাখার কথা থাকায় শিক্ষকেরা বিদ্যালয়ে দেরি করে আসছেন। তা ছাড়া স্থানীয় প্রশাসন অন্যায়ভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তাই তাঁরা ক্লাস নিতে আগ্রহ দেখাচ্ছেন না।জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিন ছাড়া বাকি দিনগুলোতে জেলার সব বিদ্যালয়ে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত সর্বসমঞ্চতক্রমে নেওয়া হয়েছিল। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এ সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্ধান্ত না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।