প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে দুই বছর আগে। বেতন না পেয়ে চলে গেছেন শিক্ষকেরা। মাঝপথে দুটি ব্যাচে ভর্তি হওয়া ৭০ জন শিক্ষার্থী পড়েছেন বেকায়দ ায়। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন টেকনোলজি বিভাগের ওই শিক্ষার্থীরা এখন তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। একই প্রকল্পের অধীনে কম্পিউটার টেকনোলজি বিভাগে নয়জনের স্থলে শিক্ষক রয়েছেন তিনজন। বাংলা বিভাগের শিক্ষক দিয়ে নেওয়া হচ্ছে কম্পিউটারের ক্লাস। খণ্ডকালীন শিক্ষক হিসেবে দুজন অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কম্পিউটারের নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে এসব শিক্ষকের তেমন ধারণা নেই বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।কম্পিউটার বিভাগের ওই শিক্ষককে আবার টেলিকমিউনিকেশন বিভাগের কম্পিউটার বিষয়ের ক্লাস নিতে হয়। এ জন্য বিভাগ দুটির শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। টেলিকমিউনিকেশন বিভাগে ২০০৬-০৭ ও ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দুটি ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হন। বর্তমানে তাঁরা যথাক্রমে অষ্টম (শেষ বর্ষ) ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থী। টেলিকমিউনিকেশন বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিভাগের নিজস্ব কোনো শিক্ষক নেই। অন্য বিভাগের শিক্ষক দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষক পরিবর্তনের কারণে লেখাপড়ায় কোনো ধারাবাহিকতা থাকছে না।’ কম্পিউটার বিভাগে ৩০০ শিক্ষার্থী আছেন। ওই বিভাগের অষ্টম পর্বের ছাত্র জসীম উদ্দীন বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে সকাল ও বিকালের দুই শিফটের ক্লাস একসঙ্গে নেওয়া হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া যে শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, তাঁরাও ততটা দক্ষ নন।’ইনস্টিটিউটের অফিস সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১৯৯৯ সালে ‘বিদ্যমান ২০টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়ন ও ১৮টি নতুন পলিটেকনিক স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প চালু হয়। এ প্রকল্পের অধীনে টেলিকমিউনিকেশন ও কম্পিউটার বিভাগের জন্য একজন করে চিফ ইন্সট্রাক্টর, তিনজন ইন্সট্রাক্টর, তিনজন জুনিয়র ইন্সট্রাক্টর, দুজন ক্রাফট ইন্সট্রাক্টর ও একজন ক্লিনার নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন অনিয়মিত হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয়ের থোক বরাদ্দের টাকায় কোনো রকমে বিভাগ দুটি চালিয়ে নেওয়া হচ্ছে। বিভাগের শিক্ষকেরা চাকরি ছেড়ে চলে গেছেন। এ জন্য বিভাগ দুটির শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিভাগ দুটির ১২ জন শিক্ষক ও কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ রয়েছে বলে কম্পিউটার বিভাগের ক্রাফট ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম জানিয়েছেন। ইনস্টিটিউটের অধ্যক্ষ মহেন্দ্রকুমার শিকদার বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকেরা চাকরি ছেড়ে চলে যাওয়ার পর টেলিকমিউনিকেশন বিভাগটি চালানো আর সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে তখন থেকে এ বিভাগে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।’ অধ্যক্ষ জানান, আগামী বছর থেকে টেলিকমিউনিকেশন বিভাগে আবার ছাত্রছাত্রী ভর্তি করা হবে। বিভাগ দুটিকে রাজস্ব খাতে নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে।