শিক্ষকেরা ছাত্রী হলে, ছাত্রীরা মেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী হলে ইনস্টিটিউটের শিক্ষকেরা থাকছেন। আর দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীরা থাকছেন বাইরের বিভিন্ন মেসে। এতে নিরাপত্তা, অতিরিক্ত ব্যয়সহ বিভিন্ন সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন ছাত্রীরা।
ইনস্টিটিউট সূত্র থেকে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখানে এক হাজার ৫৪০ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে পড়াশোনা করেন। এর মধ্যে প্রায় অর্ধেকই ছাত্রী। ইনস্টিটিউটের ভেতরেই ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি হল নির্মাণ করা হয়। কিন্তু ৪৮ শয্যার ছাত্রী হলটিতে ছাত্রীরা থাকতে পারছেন না। তাঁদের জায়গায় শিক্ষকেরা থাকছেন এবং কয়েক বছর আগেও অনেক শিক্ষক থেকেছেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় হলের শয্যা ও আসবাব নষ্ট হচ্ছে। এখানে ছয় থেকে সাতটি কক্ষে শিক্ষকেরা তাঁদের মতো করে বাস করছেন। কোনো কক্ষে একসঙ্গে চারজন, কোনো কক্ষে তিনজন থাকেন। এ সময় আতাউর রহমান, কামরুল হাসান ও নূর মোহাম্মদ নামে তিন শিক্ষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সম্প্রতি তাঁরা এখানে যোগ দেওয়ার পর কর্তৃপক্ষ তাঁদের এ হলে থাকতে দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, এটা মেয়েদের হল কি না, তিনি জানেন না।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, নতুন নিয়োগ পাওয়া ২৩ জন শিক্ষক একসঙ্গে এখানে যোগদান করায় আবাসনসমস্যার কারণে তাঁদের (শিক্ষক) সাময়িকভাবে হলে থাকতে দেওয়া হয়েছে। বাসা পেলে তাঁরা চলে যাবেন। ইতিমধ্যে কয়েকজন হল ছেড়ে চলে গেছেন।
তবে ছাত্রী হলের অদূরে ছাত্র হলটি ঠিকই চালু আছে। সেখানে বর্তমানে ১৫০ জন ছাত্র থাকছেন। ছাত্রীরা অভিযোগ করেন, তাঁদের হলটি খুলে দেওয়ার জন্য একাধিকবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তা ছাড়া দুই বছর আগে একবার কয়েকজন ছাত্রী হলে উঠেছিলেন। কিন্তু নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁরা হল ছেড়ে চলে যান।
ফুড টেকনোলজির ছাত্রী নিপা ও শারমিন বলেন, তাঁরা মেসে থাকতে চান না। সুযোগ পেলে হলেই থাকবেন। মেসে থাকতে গিয়ে তাঁদের বাড়তি খরচ ছাড়াও নানা সমস্যায় পড়তে হয়।
আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রীরা হলে থাকার সুযোগ পেলে তাঁরা নিজেদের মতো থাকতে পারতেন। কিন্তু মেস বা কারও বাসায় পরিস্থিতির সঙ্গে অনেকটাই মানিয়ে চলতে হয় তাঁদের। তাঁরা দাবি করেন, হল চালু করলেই হবে না, তাঁদের নিরাপত্তা, খাওয়া-দাওয়া, চিত্তবিনোদন, সুযোগ-সুবিধাসহ সামগ্রিক দায়দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে।
অধ্যক্ষ বলেন, ছাত্র হল এবং ছাত্রী হল পাশাপাশি হওয়ায় এখানে ছাত্রীরা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মাঝখানে একবার ছাত্রী হলটি চালু করা হয়েছিল। তখন মাত্র ১৫-২০ জন ছাত্রী হলে উঠেও পরে হল ছেড়ে চলে যান। অচিরেই ছাত্রী হলটি চালুর উদ্যোগ নেওয়া হবে।