দিনাজপুর মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত
শিক্ষকেরা সার্বক্ষণিক কর্মস্থলে না থাকলে বরখাস্তের সুপারিশ
সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ ও সেটি অমান্য করা হলে শিক্ষকদের চাকরি থেকে বরখাস্তের পদক্ষেপ নেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ কার্যালয়ে একাডেমিক কাউন্সিলের এই জরুরি সভা হয়।
সভার পর কলেজের অধ্যক্ষ মো. কামরুল আহসান প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত বা অনিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের কর্মস্থলে সার্বক্ষণিকভাবে অবস্থান করে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হবে। এরপরও অনুপস্থিত থাকলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগ করা হবে।
গতকালের সভায় সভাপতিত্ব করেন কামরুল আহসান। শুরুতে তিনি চরম শিক্ষকসংকট, পদায়ন পাওয়া পর কলেজের অনেক শিক্ষকের কোনো প্রকার কারণ জানানো ছাড়াই অব্যাহতভাবে কলেজে অনুপস্থিত থাকা এবং জ্যেষ্ঠ শিক্ষকদের সময়মতো পদোন্নতি না হওয়াসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর সভায় উপস্থিত শিক্ষকেরা দিনাজপুর মেডিকেল কলেজের এসব সমস্যা সমাধানে তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত শিক্ষকেরা বলেন, কলেজের মধ্যম সারির শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া জ্যেষ্ঠ শিক্ষকদের শূন্যপদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।
অধ্যক্ষ মো. কামরুল আহসান বলেন, দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষকসংকট দূর করার দুটি উপায় আছে। একটি হলো প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে শিক্ষকদের সময়মতো পদোন্নতি দিতে হবে। দ্বিতীয়টি হলো, কলেজ ও হাসপাতালে যেসব শিক্ষক এবং চিকিৎসকদের পদ শূন্য আছে, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তা দ্রুত পূর্ণ করতে হবে।
মেডিকেল কলেজের শিক্ষকেরা বলেন, জনবলকাঠামো অনুযায়ী কলেজটিতে অনুমোদিত শিক্ষকের পদ আছে ১৩৬টি। এর মধ্যে ২২ জন অধ্যাপক, ৩৪ জন সহযোগী অধ্যাপক, ৪৪ জন সহকারী অধ্যাপক এবং ৩১ জন প্রভাষক। কিন্তু পদগুলোর বিপরীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সময়মতো পদোন্নতি দেওয়া হয়নি। পদোন্নতি হলে বর্তমান সংকটের সৃষ্টি হতো না। অন্যদিকে যেসব শিক্ষক কলেজে আসেন না, তাঁদের বিরুদ্ধে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয় না।
কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক (চলতি দায়িত্বে) মো. ফয়সল আলম এবং সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক (চলতি দায়িত্বে) পার্থ সারথি রায় বলেন, ২০১৭ সালের জানুয়ারি মাসেই তাঁরা অবসরে যাচ্ছেন। মেডিকেল কলেজে শিক্ষকতা পেশায় জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু অধ্যাপক হতে পারেননি।
দেশের মেডিকেল কলেজগুলো চালাতে হলে সারা দেশে যে তিন হাজারের বেশি চিকিৎসকের পদ শূন্য আছে, তা অবিলম্বে পূরণ এবং সকল পর্যায়ের শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি দেওয়ার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন সভায় উপস্থিত শিক্ষকেরা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কান্তা রায় রিমি, ফিজিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্বে) মো. মোমিনুল হক, শিশু বিভাগের সহকারী অধ্যাপক এস এম বোরহান উদ্দিন এবং কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল ইসলাম।