শিক্ষকেরা 'প্যাকেজ প্রস্তাব' দেবেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনানুষ্ঠানিক আলোচনায় শিক্ষকদের মধ্য থেকে ২৫ শতাংশ অধ্যাপককে গ্রেড-১ ভুক্ত করার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তবে শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠ সচিবদের সমান (বিশেষ গ্রেড) বেতন স্কেলের বিষয়ে কোনো অগ্রগতি নেই।
শিক্ষকনেতারা বলছেন, অধ্যাপকদের মধ্য থেকে গ্রহণযোগ্যসংখ্যক একটি অংশকে হলেও জ্যেষ্ঠ সচিবদের সমান বেতন স্কেল দিতে হবে। না হলে তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না। আগামীকাল রোববারের মধ্যে এসব বিষয়ে সরকারের কাছে লিখিত ‘প্যাকেজ প্রস্তাব’ দেবেন তাঁরা।
সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ কারণে চার দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে আছে। ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় আবারও সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে আরও ‘কঠিন’ কর্মসূচি দেবেন। বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২ লাখ ৪০ হাজার ও শিক্ষক আছেন ১২ হাজারের কিছু বেশি।
আন্দোলনরত শিক্ষকনেতা ও সরকারের দায়িত্বশীল একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা তৃতীয় গ্রেডভুক্ত হলেও মোট শিক্ষকদের মধ্য থেকে ২৫ শতাংশ গ্রেড ১-এ যেতে পারতেন। নতুন বেতন স্কেলে সিলেকশন গ্রেড বন্ধ হওয়ায় এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নামেন।
এ বিষয়ে গত রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কিছু বিষয়ে তাঁরা একমত হয়েছেন। কিছু বিষয় আছে সরকারের ওপরের পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। এসব বিষয়ে শিক্ষকদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব পেলে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের একটি পক্ষ এখনো ইতিবাচক নয়।
জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগের মতো ২৫ শতাংশকে গ্রেড-১-এ যাওয়ার সুযোগের পাশাপাশি তাঁদের মধ্য থেকে একটি গ্রহণযোগ্য অংশকে জ্যেষ্ঠ সচিবদের সমান স্কেল দিতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে আগামীকাল তাঁরা একটি ‘প্যাকেজ প্রস্তাব’ দেবেন।