শিক্ষকেরাই জানেন না শিক্ষার্থীরা তো বহুদূর
বিদ্যালয়ের শিশুদের মধ্যে সংস্কৃতিচর্চা বাড়াতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি পিয়ানো দেওয়া হয়েছিল চার বছরের বেশি সময় আগে। কিন্তু এসব বাদ্যযন্ত্র বাজানোর মতো অভিজ্ঞ শিক্ষকই নেই। তাই শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও শিখতে পারছে না। অযত্নে-অব্যবহারে পড়ে আছে এসব মূল্যবান পিয়ানো।
দক্ষিণ কোরিয়া সরকার ২০১২ সালে বিশ্বমানের এসব ডিজিটাল পিয়ানো দিয়েছিল। প্রতিটি পিয়ানোর বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এরপর ২০১৩ সালে শিক্ষার্থীদের পিয়ানো বাজানো শেখাতে ওই সব বিদ্যালয়ের প্রতিটি থেকে দুজন করে শিক্ষককে প্রশিক্ষণও দেওয়া হয়। তবে সে প্রশিক্ষণ যথেষ্ট ছিল না বলে জানিয়েছেন ওই শিক্ষকেরা।
উপজেলা সদরের হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই দুটি পিয়ানো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। পিয়ানোর ওপর নানা কাগজপত্র রাখা।
গুজিয়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আরিফ বিল্লাহ বলে, তাদের কখনো পিয়ানো বাজানোর কথা বলা হয়নি।
তবে পিয়ানো বাজানোর ওপর প্রশিক্ষণ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন, ‘মাত্র দুই দিনের প্রশিক্ষণে আমরা নিজেরাই পিয়ানো বাজানো রপ্ত করতে পারিনি। ওই দুই দিন শুধু কীভাবে পিয়ানো খুলতে এবং বন্ধ করতে হয়, তাই শিখিয়েছে।’ গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফুরুল ইসলাম বলেন, ‘পিয়ানো বাজানো তো শিক্ষকেরাই জানেন না। শিক্ষার্থীদের শেখানো হবে কেমনে?’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পিয়ানো বাজানো শিক্ষার জন্য শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।