শিক্ষকেরাই 'ঝরে পড়া'র শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নিয়োগ পেয়েছিলেন শিক্ষকেরা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে। এখন শিক্ষকেরাই ঝরে পড়তে যাচ্ছেন। অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে দিন কাটছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৮৪ জন শিক্ষকের। প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, দেশের প্রত্যন্ত এলাকায় উপজেলা পর্যায়ে শিক্ষার সুযোগ বাড়ানো, সেই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৮ সালে শুরু হয় ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যাসমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)। পরবর্তী সময়ে ওই প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে অতিরিক্ত ক্লাস শিক্ষক (এসিটি) নিয়োগ দেওয়া হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ২০১৫ সালে ৩ বছর মেয়াদে ৬৪টি জেলার একটি করে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৫ হাজার ২০০ জন শিক্ষক নিয়োগ পান। এই প্রকল্পে তেঁতুলিয়ায় ৮৪ জন শিক্ষক আছেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ।

এই প্রকল্পের কয়েকজন শিক্ষক বলেন, তাঁদের অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ। এখন তাঁরা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন। চাকরি স্থায়ীকরণের দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন।

সেকায়েপ প্রকল্পের আওতায় বোদা ময়নাগুড়ি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মেরিনা খানম বলেন, ‘প্রকল্পের মেয়াদও শেষ হচ্ছে। আর আমার সরকারি চাকরির বয়সও শেষ হয়েছে। এখান থেকে যদি বের হয়ে যেতে হয়, তাহলে কী করব? যোগদানের সময় বলা হয়েছিল হয় মেয়াদ বাড়বে, নাহয় এমপিওভুক্ত করা হবে। এখন তো এর কিছুই দেখছি না।’

ওই প্রকল্পের আওতায় দেবনগর উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মির্জা আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার জন্য সরকার আমাদের নিয়োগ দিয়েছিল। এই তিন বছরে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হয়েছে। কিন্তু এখন আমরা শিক্ষকেরাই ঝরে পড়ছি। ইতিমধ্যে আমাদের অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের ভবিষ্যৎ-জীবনের কথা বিবেচনা করে প্রকল্পের মেয়াদ বাড়ানো বা আমাদের এমপিওভুক্ত করা হোক।’

পঞ্চগড় জেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘তেঁতুলিয়া উপজেলায় যে ৮৪ জন অতিরিক্ত ক্লাস শিক্ষক সেকায়েপ প্রকল্প থেকে দেওয়া হয়েছে, তাঁদের পাঠদানের মান ভালো। তাঁরা আসার পর প্রতিষ্ঠানগুলোর ফল অনেকটা এগিয়ে গেছে। এমনিতেই নানা জটিলতায় শিক্ষক নিয়োগ বন্ধ। উপজেলায় শিক্ষকসংকট রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এই শিক্ষকেরা চলে গেলে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু বলেন, ‘সেকায়েপ প্রকল্পের এসিটি শিক্ষকদের ব্যাপারে মাঝে মাঝেই প্রকল্প পরিচালকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁদের চাকরি স্থায়ী করা হলে অবহেলিত প্রত্যন্ত এই উপজেলার শিক্ষাব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে।’