শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি হবে অনলাইনে
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির (মাসিক বেতন ভাতার সরকারি অংশ) কাজের জন্য শিক্ষককের আর ঢাকায় আসতে হবে না। আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা অনলাইনেই এমপিওভুক্তির আবেদন করতে পারবেন। আর এই কাজগুলো বিকেন্দ্রীকরণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে করা হবে।
পরীক্ষামূলকভাবে গতকাল বৃহস্পতিবার রংপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির আবেদনের কাজ শুরু করা হয়েছে। মাউশিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর উদ্বোধন করেন এবং ঘোষণা দেন সেপ্টেম্বর থেকে সারা দেশের এমপিওভুক্তির কাজ হবে অনলাইনে। এ সময় মন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
একই সঙ্গে মাউশির আওতাধীন সব দপ্তরের কাজের ক্রয় কার্যক্রমের দরপত্র প্রক্রিয়া অনলাইনে করার কাজও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেন।