শিক্ষক-কর্মচারীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দনিয়া কলেজের এমপিওভুক্ত ৫৫ জন শিক্ষক ও ১১ জন কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। চলতি মাসের বেতন পাবেন কি না, তা-ও নিশ্চিত নয়। শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, কলেজের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে সৃষ্ট জটিলতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে, ওই শিক্ষক-কর্মচারীরা কলেজের নির্দিষ্ট বেতন-ভাতা পাচ্ছেন। গত আগস্ট থেকে তাঁরা শুধু সরকারি অংশের বেতন ও বোনাস পাচ্ছেন না। এই কলেজে মোট ৭৮ জন শিক্ষক রয়েছেন, তাঁদের ৫৫ জন এমপিওভুক্ত৷ কর্মচারী রয়েছেন প্রায় ১৪০ জন, এমপিওভুক্ত ১১ জন।
দনিয়া কলেজ সূত্র জানায়, বর্তমানে কলেজটিতে আহ্বায়ক কমিটি ও পরিচালনা পর্ষদের কোনো কার্যক্রম চালু নেই৷ অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন তুলতে হলে অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ বা আহ্বায়ক কমিটির সভাপতির স্বাক্ষর লাগে।
দনিয়া কলেজশিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম বলেন, বর্তমানে দনিয়ার একটি বেসরকারি ব্যাংক থেকে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। সরকারি বেতনের জন্য অগ্রণী ব্যাংকের ডেমরা শাখায় গত কয়েক মাসের সব চেক জমা দেওয়া রয়েছে। এই দুটি ব্যাংকেই কলেজের পৃথক দুটি হিসাব খোলা রয়েছে৷
জানতে চাইলে কলেজ অধ্যক্ষ সাহাদাত হুসাইন বলেন, নির্দিষ্ট সময়ে পরিচালনা পর্ষদের নতুন কমিটির তালিকা দিতে হবে, এমন কোনো নিয়ম নেই৷ তারপরও কোনো নোটিশ ছাড়া আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়৷ সরকারি বেতনের অংশটুকু দিতে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে৷