শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পান না পাঁচ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০টি সরকারি টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটের (টিভিআই) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানায়, ২০০৬ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র দপ্তর ‘১০টি টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট (টিভিআই) স্থাপন শীর্ষক প্রকল্প’ এর আওতায় সিরাজগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধা জেলায় ১০টি প্রতিষ্ঠান স্থাপন করে। প্রকল্পের মেয়াদ প্রথম পর্যায়ে আড়াই বছর নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে মেয়াদ বাড়িয়ে ২০১৪ সালের জুনে প্রকল্পগুলো শেষ হয়।
ভুক্তভোগী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ওই বছরেই রাজস্ব খাত সৃজন না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়ে প্রতিষ্ঠানগুলোয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রণালয় থেকে আদেশ জারি হয়। প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জায়গায় অবকাঠামো নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানগুলো থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছেন। অনেকেই এখান থেকে পাস করার পর ডিপ্লোমা করে প্রকৌশলে বিএসসি ডিগ্রি নিচ্ছেন। এই ১০টি প্রতিষ্ঠানের ১৫১ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রকল্পের মাধ্যমে সাকল্য বেতনে নিয়োগ পাওয়ায় প্রায় ১০ বছর চাকরি করার পরও তাঁদের মূল বেতন স্কেলের কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে চলতি বছরের এপ্রিল মাস থেকে বেতন-ভাতাও বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ছয়-সাতজন শিক্ষক ও কর্মচারী বলেন, প্রকল্পে উল্লেখ ছিল এটি শিক্ষা প্রকল্প হওয়ায় কর্মরত জনবল স্কেলভিত্তিক বেতন-ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। এই প্রকল্পের মেয়াদ কয়েকবার বৃদ্ধির ফলে এখানে কর্মরত অধিকাংশ লোকের সরকারি চাকরির বয়সসীমা ইতিমধ্যে পার হয়েছে। প্রকল্পের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের সময়, মেধা, শ্রম এখানে বিনিয়োগ করলেও তাঁদের রাজস্ব খাতে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গত পাঁচ মাস ধরে বেতনসহ সব ভাতা বন্ধ আছে। গত ঈদুল ফিতরেও বেতন পাওয়া যায়নি। তাঁরা আক্ষেপ করে বলেন, ‘আমরা খেয়ে না-খেয়ে জীবনযাপন করছি। অথচ দেখার কেউ নেই। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (অতিরিক্ত সচিব) ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সারা দেশের ৪০টি টিভিআইয়ের মধ্যে অধিকাংশই রাজস্বভুক্ত হয়েছে। শুধু ‘১০টি টিভিআই শীর্ষক প্রকল্প’ বাকি রয়েছে। সরকারি প্রতিষ্ঠান হলেও তাঁদের বেতন থোক বরাদ্দ থেকে পরিশোধ করা হয়। বরাদ্দ না পাওয়ায় বেতন-ভাতা প্রদান করা হয়নি। তবে তাঁদের রাজস্বভুক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিগগিরই তা হয়ে যাবে।