রাজধানী ঢাকা এবং চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় এক শিক্ষক এবং রাজশাহীতে বাসচাপায় নিহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৩৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কমপক্ষে ৩০৮ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর পল্লবীতে গতকাল সকালে বাসচাপায় মাকসুদুর রহমান (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কারওয়ান বাজারে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় চাকরি করতেন। কর্মস্থলে যাওয়ার জন্য একটি বাসে উঠতে দৌড়ানো শুরু করলে পেছন থেকে আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে গতকাল দুপুরে রাজশাহী-নওগাঁ সড়কে বাসচাপায় সম্রাট হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার শিবপুর গ্রামের আবদুল আলীমের ছেলে। উপজেলার আমরাইল উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। নওগাঁগামী একটি বাস সম্রাটের সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করতে পারেনি।
টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদীঘিতে গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আফাজ উদ্দিন (৩৮) নামের এক শিক্ষক নিহত হন। নিহত ব্যক্তি বেতুয়া গ্রামের ইন্নস আলীর ছেলে। তিনি ইনদিরা বাইদ সরকারি প্রাইমারি বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দিতে গতকাল সকালে পিকআপের ধাক্কায় মোহাম্মদ ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সে খোশকান্দি গ্রামের রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় পিকআপসহ চালক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঠাকিঠুকি সড়কের আমগাও জামুন এলাকায় গতকাল বিকেলে ট্রাক্টরের ধাক্কায় আবদুল হক (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। হরিপুর উপজেলার মলানী গেদুরা গ্রামে তাঁর বাড়ি।